কেন্দ্রীয় বাহিনী। ফাইল চিত্র।
হোটেলে বা অতিথিশালায় নয়, এ বার থেকে ভোটের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি কমান্ডারদের থাকতে হবে তাঁদের অধীনস্থ জওয়ানদের সঙ্গেই। মূলত স্কুল বা কলেজে থাকার ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের জারি করা ওই নির্দেশে বাহিনীর বাকি সদস্যদেরও স্কুল বা কলেজে একসঙ্গে থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে রাজ্য ও কলকাতা পুলিশকে। যে হেতু কোম্পানি কমান্ডার গেজেটেড অফিসার, তাই তাঁদের জন্য পৃথক ঘরের ব্যবস্থার পাশাপাশি আনুষঙ্গিক সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখতেও বলা হয়েছে।
কলকাতা পুলিশ এলাকায় থাকা কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি কমান্ডারদের জন্য বৃহস্পতিবারের মধ্যে এই ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল লালবাজার। সেই মতো বুধবার থেকেই বিভিন্ন থানার তরফে স্কুল বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিশেষ ঘরের ব্যবস্থা করার কাজশুরু হয়েছে। কোথাও প্রধান শিক্ষকের ঘরেই থাকার ব্যবস্থা করা হয়েছে কোম্পানি কমান্ডারদের। কোথাও আবার টিচার্স রুমকেই অস্থায়ী থাকার ঘরে পরিণত করা হয়েছে। পুলিশের একাংশ জানাচ্ছে, এক জন গেজেটেড অফিসারের থাকার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো বিভিন্ন স্কুল বা কলেজে নেই। তাই সেই ব্যবস্থা করতে তাদের রীতিমতো বেগ পেতে হচ্ছে বলে সূত্রের দাবি।
বর্তমানে কলকাতায় প্রায় ৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কয়েক দিনের মধ্যে সেই সংখ্যা ১০০ কোম্পানি ছাড়িয়ে যাবে। প্রথা অনুযায়ী, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের তরফে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিভিন্ন স্কুল-কলেজে থাকার ব্যবস্থা করা হয়। অন্য দিকে, কোম্পানির প্রধান বা কোম্পানি কমান্ডারদের থাকার ব্যবস্থা করা হয়ে থাকে হোটেলে বা অতিথিশালায়।
কিন্তু কেন এই পরিবর্তন? সূত্রের দাবি, কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা কোম্পানি কমান্ডারদের থেকে আলাদা থাকেন। অভিযোগ, এর ফলে স্কুল-কলেজে থাকা বাহিনীর সদস্যেরা কী করছেন, সে দিকে নজর থাকে নাকোম্পানি কমান্ডারদের। তা ছাড়া, বিরোধীরাও বার বার অভিযোগ করেছেন, এক শ্রেণির পুলিশের মদতে কোম্পানি কমান্ডারদের বিশেষ সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া হয়। উল্লেখ্য, এ বারই বাহিনীর শৃঙ্খলা ভেঙে পার্টি অফিসে গিয়ে ক্যারম খেলা ও নিমন্ত্রণ খেতে যাওয়ার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর কয়েক জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে