চিংড়িঘাটায় অসমাপ্ত মেট্রোর কাজ।
রাজ্যে নতুন সরকার আসার পরপরই নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের চিংড়িঘাটার অংশে উড়ালপথ নির্মাণের জট কেটেছে। প্রায় দেড় বছর থমকে ছিল সেই কাজ। তার বড় অংশ সম্পূর্ণ হতেই এই মেট্রো প্রকল্পের আরও বেশ কিছু অংশের নির্মাণ-জট কাটতে শুরু করেছে।
নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) সূত্রের খবর, সংশ্লিষ্ট মেট্রো প্রকল্পে ইএম বাইপাস এবং ভিআইপি রোড মিলিয়ে তিনটি জায়গায় নির্মাণের জটিলতা কেটে গিয়েছে। এর মধ্যে দু’টি জায়গা রয়েছে বাইপাস সংলগ্ন বেলেঘাটা থেকে বাইপাসের মধ্যে এবং তৃতীয়টি রয়েছে ভিআইপি রোডের হলদিরাম মোড় সংলগ্ন উড়ালপুলের কাছে।
গত বছরের অগস্টে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথ বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল। সেই সময়ে বাইপাসের মেট্রোপলিটন মোড়ের আগে বেলেঘাটা স্টেশনটি চালু হয়ে গেলেও তার সঙ্গে বাইপাসের সল্টলেকমুখী রাস্তার পাশে থাকা প্রবেশপথের সংযুক্তি ঘটানো যায়নি। কারণ, ওই প্রবেশপথে এসক্যালেটর বসে গেলেও রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ নির্মাণ করা যায়নি। বেলেঘাটা মেট্রো স্টেশন চালু হওয়ার প্রায় এক বছর পরে সেই কাজ শুরু হতে চলেছে বলে খবর। এর ফলে রাস্তার যে কোনও দিক থেকেই বেলেঘাটা স্টেশনে পৌঁছতে পারবেন যাত্রীরা। ফুট ওভারব্রিজ তৈরির জন্য বাইপাসের মাঝে স্তম্ভ নির্মাণ করতে হবে। সে জন্য ওই রাস্তায় বেলেঘাটা স্টেশনের গা-ঘেঁষে প্রায় আট মিটার একটি অংশ ঘিরে দেওয়া হয়েছে। এর জন্য ইএম বাইপাস যতটুকু পরিসর হারিয়েছে, তার ঘাটতি মেটাতে বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে।
একই সঙ্গে, চিংড়িঘাটার কাছে বাইপাসের উপরে ৬২ মিটার অংশে মেট্রোর উড়ালপথ নির্মাণের কাজ মিটে গিয়েছে। পরের ধাপে সেক্টর ফাইভগামী উড়ালপুল ঘেঁষে নিক্কো পার্কের দিকে মেট্রোর উড়ালপথের সংযুক্তির কাজ শুরু হয়েছে। এই কাজের জন্য চিংড়িঘাটা মোড়ের কাছে জলবায়ু বিহার আবাসনের লাগোয়া রাস্তার একাংশ বন্ধ রাখতে হয়েছে। আগামী ৪৫ দিনে মেট্রো কর্তৃপক্ষ ওই কাজ সম্পূর্ণ করবেন। সংস্থার কর্তাদের আশা, বর্ষা শুরু হয়ে যাওয়ার আগে নিক্কো পার্ক সংলগ্ন গৌরকিশোর ঘোষ স্টেশন পর্যন্ত উড়ালপথ জোড়ার কাজ শেষ করে ফেলা যাবে।
এ ছাড়াও, নিউ টাউনের দিক থেকে বিমানবন্দর অভিমুখে যাওয়ার পথে চিনার পার্ক মোড়ের কাছে একটি উড়ালপুল রয়েছে। ওই উড়ালপুলের উপর দিয়ে মেট্রোর উড়ালপথ তৈরি হওয়ার কথা। সে জন্য দু’টি স্তম্ভ ওই অংশে তৈরি করতে হবে। যার উপরে ভর দিয়ে মেট্রোপথ উড়ালপুল পেরিয়ে বিমানবন্দরমুখী রাস্তার বাঁ দিকে মাটিতে নেমে আসবে। এর পরে হজ হাউস লাগোয়া ওই অংশ থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ৮৫০ মিটার পথ মেট্রো আসবে সুড়ঙ্গ ধরে। সেই সুড়ঙ্গ নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
এ বার নিউ টাউনের দিক থেকে আসা মেট্রোপথ যাতে উড়ালপুল পেরিয়ে হজ হাউস পর্যন্ত পৌঁছতে পারে, তার নির্মাণকাজ শুরু হবে। এই কাজের জন্য দু’টি স্তম্ভ নির্মাণের ক্ষেত্রে নিউ টাউনের দিক থেকে যান চলাচল নিয়ন্ত্রণের প্রয়োজন হবে। সে জন্য মেট্রো কর্তৃপক্ষ বিকল্প রাস্তা তৈরি করেছেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে