kmc Councilor Ananya Banerjee

‘যৌনগন্ধী’ মন্তব্য অতীত! দু’বছর পর কলকাতা পুরসভার বাজেট বক্তৃতায় ফিরলেন কাউন্সিলর অনন্যা

পূর্ব অভিজ্ঞতা থেকে এ বার আর কোনও বিতর্কিত মন্তব্য করেননি অনন্যা বন্দ্যোপাধ্যায়। বরং মিনিট দশেকের বক্তৃতায় তথ্য পরিসংখ্যান দিয়ে মেয়রের পেশ করার বাজেটের স্বপক্ষে যুক্তি দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৫
Share:

তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

২০২৪ সালে কলকাতা পুরসভার বাজেট বিতর্কে অংশ নিয়ে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় ‘যৌনগন্ধী’ মন্তব্য করায় ‘ক্ষুব্ধ’ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসার পর এ বিষয়ে তিনি কঠোর পদক্ষেপ করতে নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিমকে। ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যাকে যাতে আর পুর অধিবেশনে বক্তৃতা করার সুযোগ না-পান, সে নির্দেশও দেওয়া হয়। সেই ঘটনার দু’বছর পর সোমবার আবারও বাজেট বক্তাদের তালিকায় নাম দেখা গেল অনন্যার। শুক্রবার মেয়র বাজেট পেশ করার পর পুরসভার চেয়ারপার্সন মালা রায় জানিয়েছিলেন, সোম ও মঙ্গলবার বাজেট নিয়ে আলোচনা হবে। সেই পর্যায়েই সোমবার প্রথমার্ধে মেয়রের পেশ করা বাজেটের পক্ষে মিনিট দশেক বক্তৃতা করেন অনন্যা।

Advertisement

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি পুরসভার বাজেট বিতর্কে অংশ নিয়ে পশ্চিমি সংস্কৃতিতে ‘ফাদার’ এবং ‘নান’দের (সন্ন্যাসিনী) সম্পর্ক নিয়ে নানা গল্পের কথা উল্লেখ করেছিলেন অনন্যা। এর পরে একটি গল্পও শোনান। সেই ‘যৌনগন্ধী’ গল্পে বাইবেলের ১১২ নম্বর অধ্যায়ে ‘গভীরে যাও, আরও গভীরে যাও’ বাণী রয়েছে বলে জানিয়েছিলেন ওই কাউন্সিলর। সেই সময়েই প্রতিবাদ উঠেছিল বিজেপির তরফে। ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এবং ২৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা প্রতিবাদ করেছিলেন অনন্যার মন্তব্যের। ঘটনাচক্রে, ৬৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্যের সঙ্গেও অনন্যার বাদানুবাদ হয়েছিল। সুস্মিতা বলেন, ‘‘ফাদার-নানের সম্পর্কে ‘সেক্স’ শব্দটি উচ্চারণ করে অত্যন্ত ঘৃণ্য কাজ করেছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়।’’ সেই ঘটনার পর দলীয় কাউন্সিলরদের ক্ষোভ চাপা দিতে সমাজমাধ্যমে বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন মেয়র। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অনন্যা আর বাজেট বক্তৃতায় অংশ নেননি।

তাই ২০২৫ সালের পুরসভার বাজেট বক্তৃতায় আর বলার সুযোগ পাননি অনন্যা। তবে ২০২৬ সালের পুর বাজেটে কারা দলের পক্ষে বলবেন, সেই তালিকা মেয়রের থেকে অনুমোদন করিয়ে নেন পুরসভায় তৃণমূলের মুখ্যসচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত। তিনি বলেন, ‘‘যাঁরা দলের হয়ে পুরসভার বাজেট অধিবেশনে বক্তৃতা করেছেন, তাঁদের সকলের নাম আমি মেয়রের থেকে অনুমোদন করিয়ে নিয়েছি।’’

Advertisement

তবে পূর্ব অভিজ্ঞতা থেকে এ বার আর কোনও বিতর্কিত মন্তব্য করেননি অনন্যা। বরং মিনিট দশেকের বক্তৃতায় তথ্য পরিসংখ্যান দিয়ে মেয়রের পেশ করার বাজেটের স্বপক্ষে যুক্তি দিয়েছেন তিনি। অনন্যা বলছেন, ‘‘কাউন্সিলর হওয়ার পর থেকেই আমি পুরসভার বাজেটে বক্তৃতা করি। তাই এ বারের বক্তৃতা আমার কাছে কোনও আলাদা বিষয় নয়। আমার যত দূর মনে হয়, গত বছরও আমি বক্তৃতা করেছিলাম।’’ অনন্যা এমন দাবি করলেও, পুরসভার অন্দরমহলের একটি সূত্রের দাবি, গত বছর বাজেট বক্তৃতাই নয়, ২০২৪ সালের ওই ঘটনার পর অনন্যাকে অনেক দিন পুরসভার মাসিক অধিবেশনেও বিশেষ ভাবে সরব হতে দেখা যায়নি।

ঘটনাচক্রে, কাউন্সিলর অনন্যা পেশাগত ভাবে একজন অভিনেত্রীও। আগামী ১৯ মার্চ অরিন্দম শীল পরিচালিত ‘কর্পূর’ ছবি মুক্তি পাওয়ার কথা। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনন্যা। প্রত্যক্ষদর্শীদের মতে, ছবির নামের মতোই যাবতীয় বির্তক কর্পূরের মতো উড়িয়ে দিয়ে এই অভিনেত্রী কাউন্সিলরকে ফুরফুরে মেজাজেই বাজেট নিয়ে বক্তৃতা করতে দেখা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement