— প্রতীকী চিত্র।
রাজ্যে অভিযুক্তদের লক্ষ্য করে ডিম ছোড়া ঠেকাতে মঙ্গলবারই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ঘটনাচক্রে, এ দিনই তোলাবাজির অভিযোগে ধৃত আইএনটিটিইউসি-র প্রাক্তন সভাপতি অরবিন্দ দাস ওরফে টাবলুকে লক্ষ্য করে ক্ষুব্ধ জনতা পুলিশের সামনেই ছুড়ল ডিম। পড়ল চড়-থাপ্পড়, লাথিও। এ দিন দুপুরে ধৃত তৃণমূল নেতাকে নিয়ে হাওড়া সেতুর কাছে তাঁর ব্যক্তিগত অফিসে তল্লাশি অভিযানে গিয়েছিলেন তদন্তকারীরা। তল্লাশি সেরে ফেরার সময়ে ওই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত চার জনকে আটক করেছে।
হাওড়া স্টেশন চত্বরে থাকা হকার ও ব্যবসায়ীদের থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করার অভিযোগে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র হাওড়া জেলা সদরের প্রাক্তন সভাপতি টাবলুকে সম্প্রতি জলপাইগুড়ি থেকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। আদালতের নির্দেশে অভিযুক্তের পাঁচ দিনের পুলিশি হেফাজত হয়েছে। তদন্ত চলাকালীন এ দিন টাবলুকে নিয়ে হাওড়া স্টেশন চত্বরে থাকা তাঁর কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। পুলিশ সূত্রের খবর, তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তল্লাশি শেষ করে টাবলুকে যখন পুলিশ গাড়িতে তুলছিল, তখনই অভিযুক্তের কার্যালয়ের বাইরে ভিড় করে থাকা জনতা তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দিয়ে প্রথমে ডিম ছোড়ে। এর পরে টাবলুকে কার্যত ছিনিয়ে নিয়ে শুরু হয় চড়, ঘুষি, লাথি মারা। পুলিশ কোনও মতে অভিযুক্তকে গাড়িতে তোলে। এই ঘটনায় চার জনকে আটক করা হয়। তাঁদের গোলাবাড়ি থানায় নিয়ে গিয়ে রাত পর্যন্ত আটকে রাখা হয়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে