—প্রতিনিধিত্বমূলক ছবি।
তপসিয়ার যুবক শেখ সোনুর (২৮) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁকে বহুতল থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ দায়ের করল পরিবার। সূত্রের খবর, মৃতের পরিবারের তরফে রবিবার পুলিশের কাছে দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, সোনুকে ডেকে নিয়ে গিয়েছিলেন তাঁর দুই বন্ধু। তাঁদের ভূমিকা ছিল সন্দেহজনক। সে কারণে সোনুর পরিবারের সন্দেহ, বহুতলের উপর থেকে ঠেলে ফেলে দেওয়াতেই তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অপেক্ষা করা হচ্ছে ময়না তদন্তের রিপোর্টের। তবে, প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, ওই যুবককে খুন করার মতো কোনও প্রমাণ এখনও তাদের হাতে আসেনি। সোমবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল।
গত শনিবার রাতে তিলজলা রোডের একটি ছ’তলা বহুতলের নীচ থেকে শেখ সোনুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তপসিয়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই দিন দুই বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন সোনু। প্রথমে সকলে মিলে ওই বহুতলেরএকটি অংশে খাওয়াদাওয়া করেন। এর পরে এক বন্ধু চলে গেলে সোনু এবং তাঁর অপর বন্ধু বহুতলের ছাদে যান। সেখান থেকেই কোনও ভাবে পড়ে যান সোনু।
এক তদন্তকারী জানান, সোনু এবং তাঁর এক বন্ধুকে বহুতলটির ছাদে বসে থাকতে দেখেছেন অন্য আবাসিকেরা। তবে, সোনু কী ভাবে পড়ে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেই অস্পষ্টতা দূর করতেই ঘটনাস্থল পরিদর্শনের জন্য ফরেন্সিক দলকে ডাকাহয়েছিল। আপাতত পুলিশ সোনুর ওই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কথা বলা হয়েছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে