—প্রতীকী চিত্র।
অবশেষে কি ঘুম ভাঙছে পুলিশের?
শুরুটা হয়েছিল সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়া দিয়ে। ভোট-পরবর্তী বাংলায় ডিম ছুড়ে হামলা সম্ভবত তাঁরউপরেই প্রথম হয়েছিল। গত মাসের শেষ দিকে সেই ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতা, কর্মী, মন্ত্রী ও পুরপ্রতিনিধিদের লক্ষ্য করে ডিম ছুড়ে হামলা চলছে। সেইসব ঘটনা পুলিশের সামনে ঘটলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ। যা নিয়ে সমালোচনাও চলছে সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যমে। রাজ্যে প্রতিদিন এই ধরনের অরাজকতার ছবি কেন দেখা যাবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। সেই চাপের মুখে পড়ে অবশেষে ডিম ছোড়ার ঘটনায় ধরপাকড় শুরু করল কলকাতা পুলিশ।
লালবাজার জানিয়েছে, গত সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে আসার সময়ে ডিম উড়ে আসে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের দিকে। রাতেই তিনি কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন। সেই ঘটনায় মঙ্গলবার দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম চন্দন সিংহ এবং রবি কয়াল। তাঁদের বাড়ি কালীঘাটে। চন্দন মূল অভিযুক্ত বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের বিরুদ্ধে অবৈধ জমায়েত এবং আঘাত করা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও ধৃত দু’জনকে এ দিন আদালতে তোলা হলে বিচারক তাঁদের শর্তাধীন জামিন দিয়েছেন। সূত্রের খবর, গত সপ্তাহে বিধায়কদের সই-জালিয়াতির ঘটনায় মমতার বাড়ির দলীয় কার্যালয়ে তল্লাশি চালাতে গিয়েছিল সিআইডি-র একটি দল। সেই সময়ে চন্দন সিআইডি-র সাক্ষী ছিলেন বলে বিধায়ক অভিযোগ করেছেন। যদিও এই বিষয়ে সিআইডি কিছু বলতে চায়নি। ধৃতেরা যাতে জামিন না পান, সমাজমাধ্যমে সেই আবেদন করেছিলেন কুণাল। ডিম ছোড়ার তদন্ত সিআইডির হাতে দেওয়ার দাবি জানিয়ে মুখ্যসচিবকে চিঠিও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, সোমবার বিকেলে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়িতে বৈঠকে যান কুণাল। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, তখনই তাঁকে ডিম ছোড়া হয়। বিধায়কের মাথায় ও পিঠে সেই ডিম লাগে। রাতে কালীঘাট থানায় অভিযোগ করেন তিনি। মমতার বাসভবনের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। তৃণমূল বিধায়ক সমাজমাধ্যমে প্রশ্ন তোলেন, ‘জ়েড ক্যাটিগরির নিরাপত্তা পাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে এ সব কী?’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে