মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশ্লীল, অপমানজনক এবং আপত্তিকর মন্তব্য করে লাগাতার ভিডিয়ো প্রচার করার অভিযোগে এফআইআর দায়ের করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ওই থানায় এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়েছিল। পুলিশ তার ভিত্তিতে পদক্ষেপ করেছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে তা ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই সমস্ত ভিডিয়োতে এফআইআর-এ উল্লিখিত ব্যক্তিকেই বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। অভিযোগ, মন্তব্যগুলি অশ্লীল, অপমানজনক, আপত্তিকর এবং যৌন উত্তেজনাপূর্ণ। এতে মুখ্যমন্ত্রীর শালীনতাকে ভঙ্গ করা হয়েছে। এখানেই শেষ নয়, নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে ওই ভিডিয়োতে। দাবি, নির্দিষ্ট রাজনৈতিক দলের প্ররোচনায় ভিডিয়োগুলি তৈরি করা হয়েছে। ভুয়ো, উস্কানিমূলক এবং ধর্মীয় মন্তব্যগুলি যে কোনও মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে উল্লেখ করা হয়েছে এফআইআর-এ। ভিডিয়োগুলি ছড়ানো হয়েছে ক্যামাক স্ট্রিট এলাকা থেকে।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের ভিডিয়ো ছড়ানোর মামলায় ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইন মিলিয়ে মোট ১৬টি ধারা প্রয়োগ করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।
পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের ফল জানা যাবে ৪ মে। রাজনৈতিক দলগুলি আপাতত জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে লড়বেন ভবানীপুর কেন্দ্র থেকে। সেখানে প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে মমতা জনসভা করেছেন। অন্য দিকে রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে বিজেপির উদ্যাপনেই মিলে গিয়েছে নির্বাচনী প্রচার।