Kolkata Fire Incident

ঢাকুরিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন! নিয়ন্ত্রণে আনল দমকলের ছয় ইঞ্জিন, নথিপত্র নষ্টের আশঙ্কা গ্রাহকদের

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের একাংশ। নথিপত্র এবং লকারে থাকা জিনিসপত্রের কোনও ক্ষতি হয়েছে কি না, তা জানতে চান তাঁরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে অবশ্য জানানো হয়েছে, লকারে থাকা জিনিসপত্রের কোনও ক্ষতি হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ০৯:১৭
Share:

ঢাকুরিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন! নিয়ন্ত্রণে আনল দমকলের ছয় ইঞ্জিন। —প্রতিনিধিত্বমূলক ছবি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বুধবার সকালে গড়িয়াহাট রোডে ঢাকুরিয়া সেতুর কাছে একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা রয়েছে। সকাল ৬টার কিছু পরে ওই বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে। ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটায় আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। দমকলের ছ’টি ইঞ্জিন বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের একাংশ। নথিপত্র এবং লকারে থাকা জিনিসপত্রের কোনও ক্ষতি হয়েছে কি না, তা জানতে চান তাঁরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে অবশ্য জানানো হয়েছে, লকারে থাকা জিনিসপত্রের কোনও ক্ষতি হয়নি। তবে নথিপত্রের কোনও ক্ষতি হয়েছে কি না, তা ব্যাঙ্ক খোলার পরেই স্পষ্ট হবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন ব্যাঙ্কটির ওই শাখার ম্যানেজার। গিয়েছেন ৯২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুছন্দা দেবও। আগুন লাগার সময় ব্যাঙ্ক বন্ধ থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে।

গত কয়েক দিনে শহরে একের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুরে বেলতলার পেয়ারাবাগান বস্তিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। এই ঘটনায় গুরুতর জখম হন অন্তত আট জন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। তার ঠিক এক দিন আগে, অর্থাৎ রবিবার মানিকতলায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement