Go Back Modi Hoarding

প্রধানমন্ত্রী কলকাতায় আসার আগের রাতে বকেয়া টাকা নিয়ে শহরে হোর্ডিং তুলে দিল তৃণমূল! স্লোগান লেখা, ‘গো ব্যাক মোদী’

শনিবার, কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। রাজনৈতিক জনসভা ছাড়াও প্রশাসনিক সভা হবে। সেই সভাকে কেন্দ্র করে বিজেপির অন্দরে উঠেছে সাজো সাজো রব। গোটা কলকাতায়া ছেয়ে গিয়েছে মোদীর সভার হোর্ডিং। সভাবেশের ঠিক আগের রাতে পাল্টা হোর্ডিং দিতে ছাড়েনি শাসকদলও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০২:০৪
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগের রাতে শহর জুড়ে দেখা গেল ‘গো ব্যাক মোদী’-র হোর্ডিং। —নিজস্ব চিত্র।

গত কয়েক দিনে আসন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাবেশ ঘিরে শহরের বিভিন্ন জায়গায় হোর্ডিং-এ ছেয়ে দিয়েছে বিজেপি। এ বার ঠিক মোদীর সভার আগের রাতে শহর জুড়ে তৃণমূল পাল্টা হোর্ডিং ফেলল। স্লোগান তুলল, ‘গো ব্যাক মোদী’। তার সঙ্গে সংখ্যা (১ লক্ষ ৯৬ হাজার কোটি) লিখে উল্লেখ করল বাংলায় বিজেপির কত টাকা বকেয়া আছে।

Advertisement

শনিবার, কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। রাজনৈতিক জনসভা ছাড়াও প্রশাসনিক সভা হবে। সেই সভাকে কেন্দ্র করে বিজেপির অন্দরে উঠেছে সাজো সাজো রব। গোটা কলকাতায়া ছেয়ে গিয়েছে মোদীর সভার হোর্ডিং। সভাবেশের ঠিক আগের রাতে পাল্টা হোর্ডিং দিতে ছাড়েনি শাসকদলও। কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকায় ‘গো ব্যাক মোদী’ হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে। মা উড়ালপুল থেকেও ওই হোর্ডিং দেখা যাচ্ছে। এই হোর্ডিংয়ের মাধ্যমে রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে সেটাকেই অস্ত্র করে মোদীর ব্রিগেড সভার আগে তুলে ধরতে চাইল তৃণমূল।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে বকেয়া দিচ্ছে না তার বদলে রাজ্য সরকার সীমিত সামর্থের মধ্যে যা করবার সেগুলি করছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়ে বলেছিলেন, ‘মোদী নিচ্ছে, দিদি দিচ্ছে’।

Advertisement

তৃণমূল হিসাব নিয়ে দাবি করেছে, ২০২১ সালে বিজেপি বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে হেরে যাওয়ার পর থেকে রাজ্যের সব ক্ষেত্রে বরাদ্দ বন্ধ করে দিয়েছে। তালিকায় রয়েছে, গ্রাম সড়ক যোজনা, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, জল-জীবন মিশন- এ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে।

তৃণমূলের পাল্টা রাজনৈতিক আখ্যান তৈরির অস্ত্র ছিল যে কেন্দ্রীয় সরকার না-দিলেও রাজ্য সরকার সেগুলি দিচ্ছে। লোকসভা নির্বাচনের আগে বেশ ক’এক লক্ষ মানুষকে আবাস যোজনার বাড়ি দেওয়ার টাকা দেওয়া হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেও প্রায় ৩২ লক্ষ মানুষকে আবাস যোজনার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার গ্রাম সড়ক যোজনার টাকা না-দিলেও, রাজ্য সরকার নিজেদের মতো করে পথশ্রী প্রকল্প চালু করেছে। এখানে ২০ হাজার কিলোমিটার রাস্তা হচ্ছে। এ ছাড়াও ‘আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে’ রাজ্যে বহু রাস্তা, গ্রাম, মফস্‌সল, শহরে সংস্কার বা নতুন করে রাস্তা নির্মাণের কাজ হচ্ছে।

তৃণমূল দেখাতে চাইল ধারণা তৈরির রাজনীতি। বিজেপি যখন হোর্ডিং দিয়ে বলছে ‘পাল্টানো দরকার’, তখন তৃণমূল পাল্টা বকেয়ার হিসাব দিয়ে বোঝাতে চাইল রাজ্যের উন্নয়নে বিজেপি টাকা না-দিলেও তৃণমূল দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement