Cash Recovered

দু’টি ব্যাগে বোঝাই রাশি রাশি উই ধরা নোট! সুরেন্দ্রনাথ কলেজ ছাত্র সংসদের ঘর থেকে উদ্ধার করে নিয়ে গেল পুলিশ

সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি পাঠিয়ে তদন্ত দাবি করেছিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৯:০২
Share:

উদ্ধার হওয়া উই ধরা টাকা। —নিজস্ব চিত্র।

সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের (ছাত্র সংসদের দফতর) আলমারি থেকে পাওয়া গেল দু’টি ব্যাগ বোঝাই উই ধরা টাকা! মঙ্গলবার দুপুরে এই ঘটনার জেরে মধ্য কলকাতার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

Advertisement

টাকা উদ্ধারের খবর পেয়ে মুচিপাড়া থানার পুলিশ পৌঁছয় সুরেন্দ্রনাথে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বরানগরের বিধায়ক সজল ঘোষ মঙ্গলবার অভিযোগ করেন, সুরেন্দ্রনাথ কলেজে ভর্তির বিনিময়ে তৃণমূলের ছাত্রনেতারা কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। উদ্ধার হওয়া উই ধরা নোটের মোট অঙ্ক কয়েক লক্ষ টাকা বলে তাঁর দাবি।

ঘটনাচক্রে, সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি পাঠিয়ে তদন্ত দাবি করেছিলেন বিজেপি বিধায়ক সজল। ব্যাঙ্কের পাস বইয়ের তথ্য তুলে সজল বলেন, “ছাত্র সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠানের তহবিলে দেড় কোটি টাকা জমা রয়েছে। কলেজের ছাত্র সংসদের জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সাধারণত ৫০-১০০ টাকা নেওয়া হয়। সেই কালেকশন থেকে কখনও বছরে দেড় কোটি টাকা ছাত্র সংসদের তহবিলে আসতে পারে না।” মঙ্গলবার তিনি জানান, ভর্তি-দুর্নীতিতে জড়িত তৃণমূলের ছাত্রনেতাদের গ্রেফতার করলেই টাকা-রহস্যের কিনারা করা সম্ভব হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement