—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ট্র্যাফিক সিগন্যাল ভাঙলে যে ভাবে সিসি ক্যামেরায় ধরা পড়া ছবির সূত্রে জরিমানা দিতে হয় বেপরোয়া যানবাহনকে। অনেকটা সে ভাবেই এ বার প্ল্যাটফর্ম কিংবা ট্রেন নোংরা করলে যাত্রীদের আর্থিক জরিমানা দিতে হবে।
শনিবার থেকে পূর্ব রেলের শিয়ালদহ, হাওড়া, আসানসোল এবং মালদহ ডিভিশনের সব স্টেশনে জরিমানার ওই ব্যবস্থা চালু হল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর এ দিন হাওড়া স্টেশনে আনুষ্ঠানিক ভাবে ওই ব্যবস্থার সূচনা করেন। নিজস্ব পরিসর পরিচ্ছন্ন রাখতে সিসি ক্যামেরার মাধ্যমে সরাসরি নজরদারি চালাবে রেল। সেখানে কাউকে স্বচ্ছতার বিধি ভাঙতে দেখলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হবে। ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘রেলওয়ে আপনাকে দেখছে’ বা ‘রেলওয়ে ইজ ওয়াচিং ইউ।’
পূর্ব রেলের আওতায় থাকা রাজ্যের ৪৪৮টি স্টেশন ছাড়াও বিহার ও ঝাড়খণ্ডের যথাক্রমে ৬৮ ও ৬৬টি স্টেশন মিলে মোট ৫৮২টি স্টেশন ওই কর্মসূচির আওতায় আসছে বলে খবর।
স্টেশন, রেলওয়ে ট্র্যাক এবং চলন্ত ট্রেন পরিচ্ছন্ন রাখতে গত কয়েক মাস ধরে যাত্রীদের মধ্যে নাগাড়ে প্রচার চালিয়েছে পূর্ব রেল। রেলের পরিসরের কোথাও নোংরা পড়ে থাকলে তা যাতে ৩০ মিনিটেই পরিষ্কার করা যায়, সে জন্য মাসখানেক আগে বিশেষ কর্মসূচি নিয়েছিল পূর্ব রেল। নিজেদের দিক থেকে ৩০ মিনিট বা আধ ঘণ্টায় ওই ‘চ্যালেঞ্জ’ সামলানোর পরে এ বার যাত্রীদের আচরণে বদল আনতে কড়া অবস্থান নিচ্ছে রেল।
ওই কর্মসূচি সম্পর্কে পূর্ব রেলের জিএম বলেন, ‘‘রেলের পরিসর নোংরা করে ধরা পড়লে আরপিএফ সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করবে। এ জন্য সমস্ত স্টেশনে সিসি ক্যামেরা, কর্মী এবং আধিকারিকদের মাধ্যমে নজরদারি চলবে।’’
প্লাস্টিকের প্যাকেট, জলের বোতল, আবর্জনা বা থুতু ফেলা— সবই ওই সংক্রান্ত অপরাধের তালিকায় পড়বে। কেউ ট্রেন বা স্টেশন নোংরা করছেন, এমন ঘটনা নজরে এলে যাত্রীরা যাতে সরাসরি ছবি-সহ বিষয়টি জানাতে পারেন, সে জন্য ৯০০২০২২৭৮০ নম্বরে ওয়টস্যাপে বার্তা পাঠানোর ব্যবস্থাও চালু করেছে রেল। উপযুক্ত তথ্য-সহ যথাযথ বার্তা প্রেরক যাত্রীকেও বিশেষ স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে রেল।
দূরপাল্লার বিভিন্ন ট্রেনে কামরা পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকা কর্মী (অন বোর্ড হাউসকিপিং স্টাফ) এবং কেটারিং কর্মীদের বিরুদ্ধেও বহু ক্ষেত্রে আবর্জনা রেললাইনে ফেলার অভিযোগ ওঠে। ওই প্রবণতা রুখতে উড়ানের ধাঁচে ট্রেনেও খাবার পরিবেশনের পরে আবর্জনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। সে সব নির্দিষ্ট স্টেশনে খালি করা হচ্ছে কিনা, তা নজরে রাখা হবে বলে জানান জিএম। কর্মীরা রেললাইন নোংরা করছেনবলে প্রমাণ মিললে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পাশাপাশি, ৩০ মিনিটে ময়লা পরিষ্কারের ব্যবস্থাও চালু থাকছে। ওই ব্যবস্থায় গত এক মাসের কাজে এ দিন পুরস্কৃত হয়েছে শিয়ালদহ ডিভিশন। এ দিনের অনুষ্ঠানে ছিলেন হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিশাল কপূর। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, ‘‘পরিচ্ছন্নতাকে অভ্যাস করাতে রেল তৎপর।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে