—প্রতিনিধিত্বমূলক ছবি।
পূর্ব-পশ্চিম মেট্রোর পরিকল্পনা তৈরির সময়েই সল্টলেক-সেন্ট্রাল পার্ক-করুণাময়ী হয়ে কলকাতা স্টেশন পর্যন্ত মেট্রোর সংযুক্তিকরণের একটি পরিকল্পনা ভেবে রাখা হয়েছিল। তারই অঙ্গ হিসেবে পূর্ব-পশ্চিম মেট্রোর উড়ালপথ নির্মাণের সময়ে সল্টলেকের সেন্ট্রাল পার্ক ডিপো থেকে করুণাময়ী স্টেশনের দিকে একটি অতিরিক্ত পথ নির্মাণ করে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে শহরের একাধিক মেট্রোপথ নির্মাণের কাজ চালাতে গিয়ে বিভিন্ন সময়ে বহু অনুমতি-জটে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। তাতে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে বিলম্ব ঘটেছে। ফলে, মূল প্রকল্পগুলি রূপায়ণের বাইরে অন্যান্য প্রকল্প নিয়ে এগোনোর তৎপরতা সে ভাবে মেট্রোর পক্ষ থেকে চোখে পড়েনি। খরচ ভাগাভাগি নিয়েও সমস্যা দেখা দেওয়ায় একাধিক প্রকল্প নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর কথা এগোয়নি।
রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হওয়ার পরে এই পরিস্থিতির গুণগত বদল ঘটেছে। জমি এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়াও দু’তরফে খরচ ভাগাভাগি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন রেলের আধিকারিকদের একাংশ। তারই পরিপ্রেক্ষিতে এ বার করুণাময়ী থেকে কলকাতা স্টেশনকে মেট্রোপথে সংযুক্ত করার প্রকল্প নিয়ে নড়াচড়া শুরু হয়েছে। ওই প্রকল্প রূপায়ণ করা নিয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে আগ্রহ দেখানো হয়েছে বলে সূত্রের খবর। এর আগে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোপথ কলকাতা মেট্রোর সরাসরি তত্ত্বাবধানে তৈরি হয়েছে।
করুণাময়ী স্টেশন থেকে কলকাতা স্টেশন পর্যন্ত ৮.৮ কিলোমিটার অংশে ওই মেট্রোপথ নির্মাণের কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। এর জন্য রেলের পক্ষ থেকে প্রয়োজনীয় সমীক্ষা এবং প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা ছাড়াও প্রকল্প রূপায়ণের রূপরেখা তৈরি করা হবে।
কলকাতা স্টেশন শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রান্তিক স্টেশন। ওই স্টেশন থেকে গত দেড় দশকে ট্রেনের সংখ্যা অনেক বেড়েছে। সম্প্রতি দূরপাল্লার বহু ট্রেন ওই স্টেশন থেকে ছাড়ছে। কিন্তু, অধিকাংশ সময়ে যাত্রীদের ওই স্টেশনে আসা-যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে কলকাতা স্টেশনের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। সব দিক দেখেই তাই এই প্রকল্প শুরু করার কথা ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে ক্ষুদিরাম বসু সরণি, বাগজোলা খাল, সল্টলেক ছ’নম্বর আইল্যান্ড হয়ে মেট্রো এগোতে পারে বলে খবর। জমি এই প্রকল্পে বড় বাধা হবে না বলেই মনে করা হচ্ছে।
রাজ্যে পালাবদলের পরে সম্প্রতি রাজ্যের মেট্রো প্রকল্পগুলি নিয়ে পরিবহণ দফতর, কলকাতা পুরসভা এবং মেট্রো কর্তৃপক্ষ বৈঠকে বসেছিলেন। সেখানে একযোগে জট কাটানোর বিষয়ে আলোচনা হয়। আজ, শনিবার রেল এবং মেট্রোর বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করার জন্য রাজ্যে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওই সব প্রকল্প নিয়ে রাজ্যের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে