—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে কলকাতার এক দম্পতির থেকে তিন কোটির বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে আরও এক জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। রবিবার মহম্মদ আমজাদ নামে এক যুবককে ধরা হয়েছে।
অপরাধটি সংগঠিত হয় গত বছরের অক্টোবরে। অভিযোগ, বেহালার ব্যবসায়ী প্রতারিত বিধান ঘোষদস্তিদারকে কুরিয়র সংস্থার আধিকারিক বলে পরিচয়ে তাঁকে এক জন ফোন করে বলেন, তাঁর নামে থাকা পার্সেলে নিষিদ্ধ মাদক মিলেছে। এ-ও জানান, তাঁর বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্ত করছে। তার পরই আরও এক ব্যক্তি নিজেকে সিবিআইয়ের অফিসার অমিত কুমার পরিচয় দিয়ে ভিডিয়ো কল করেন বিধানকে। ভিডিয়ো কলের ও পার থেকে বিধান এবং তাঁর স্ত্রীকে গ্রেফতারির ভয় দেখানো হয়।
ওই দম্পতির গতিবিধি ‘সিবিআই নজরদারি’তে রাখার জন্য তাঁদের মোবাইল এবং ফোনের ভিডিয়ো চালু করতে বলে প্রতারকেরা। ভয়ে তা মেনেও নেন ওই দম্পতি। ভিডিয়ো কলে সিবিআই, ইডি, আরবিআইয়ের ভুয়ো আইডি কার্ড এবং কাগজপত্রও দেখানো হয়। পরে ওই ভিডিয়ো কলে আরও দু’জন নিজেদের আইপিএস অফিসারের পরিচয় যোগ দেন। অভিযোগ, গ্রেফতারির ভয় দেখানো হয়। তার পরেই তাঁরা জানান, যদি টাকা দেন ওই দম্পতি তবে সব অভিযোগ থেকে রেহাই দেওয়া হবে। নচেৎ গ্রেফতার করা হতে পারে। মোট তিন কোটি এক লক্ষ টাকা প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন ওই দম্পতি।
যখন ওই দম্পতি বুঝতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন, তখন তাঁরা সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলা সূত্র ধরে পুলিশ রবিবার আমজাদকে গ্রেফতার করে। মারকিউ স্ট্রিটে তাঁর একটি দোকানও রয়েছে। গ্রেফতারির আগে তাঁর আস্তানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু অবৈধ জিনিস বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ১২টি সিম বক্স, একটা ল্যাপটপ, ন’টি রাউটার, একটি ওয়াইফাই লাগানো সিসি ক্যামেরা, ১৭টি মোবাইল, ২, ২৫০টি সিম কার্ড, ল্যান, কেবল ইত্যাদি।