— প্রতীকী চিত্র।
বচসার জেরে এক ব্যক্তিকে কাটারি দিয়ে কোপানোর অভিযোগ উঠল গড়িয়ায়। শনিবারের এই ঘটনায় আহত ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর আঙুল কেটে বাদ গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ঘটনার তদন্তে নেমে এ দিন সন্ধ্যায় পাটুলি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সুদীপ দাস (৩৫)। এই ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের একাংশ দাবি করেছেন। তবে এ ব্যাপারে পুলিশের প্রতিক্রিয়া মেলেনি।
পুলিশ সূত্রের খবর, আক্রান্ত যুবকের নাম অনির্বাণ মুখোপাধ্যায় ওরফে পিন্টু। পুলিশের দাবি, এ দিন দুপুরে তিনি গড়িয়ার শ্রীরামপুর রোডের ভ্যালি পার্কের বাড়িতে জল দেওয়ার কাজ করছিলেন। সেই সময়েই তাঁর উপরে কাটারি নিয়ে হামলা চালান সুদীপ ওরফে খাটাস ওরফে বুড়ো। কোনও মতে আক্রান্ত যুবককে উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা প্রথমে বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর হাতের অস্ত্রোপচার হওয়ার কথা।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ গার্ডরেল দিয়ে এলাকাটি ঘিরে দিয়েছে। স্থানীয়দের দাবি, অনির্বাণ এলাকায় বিজেপি সমর্থক বলে পরিচিত। সুদীপকে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলে তাঁরা চেনেন। এ দিন সকালে স্থানীয় মুদির দোকানের কাছে ভোটের হার-জিত নিয়ে দু’জনের বচসা হয়। সেই বচসা হাতাহাতিতে গড়ায়। কিন্তু তখনের মতো ব্যাপারটি মিটে গেলেও পরে এক জন সঙ্গীকে নিয়ে অনির্বাণের খোঁজে আসেন সুদীপ। অভিযোগ, একটি বাড়িতে জল দেওয়ার কাজ সেরে অনির্বাণ বেরোতেই তাঁর উপরে কাটারি নিয়ে চড়াও হন সুদীপ। সাইকেল ফেলে রেখে অনির্বাণ একটি বাড়িতে ঢুকে যান। সেখানকার বাসিন্দা এক মহিলার দাবি, ‘‘আমরাই হাতে কাপড় জড়িয়ে অনির্বাণকে হাসপাতালে নিয়ে যাই। আঙুল কেটে আলাদা হয়ে গিয়েছে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে