—প্রতীকী চিত্র।
শহরে ফের একা থাকা বৃদ্ধাকে খুনের চেষ্টা। লুটের উদ্দেশ্যেই নেতাজিনগরের এই ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবি। প্রথমে বৃদ্ধার গলায় ছুরির কোপ মেরে, মৃত্যু নিশ্চিত করতে দড়ি দিয়ে শ্বাসরোধ করা হয়। এর পরে লুট করা হয় কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ টাকা। গত শুক্রবারের এই ঘটনায় পুলিশ সুকুমার বৈদ্য নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে বৃদ্ধাকে ফল বিক্রি করতে আসত। সেই সূত্রে বৃদ্ধার বাড়ির বাগানের পরিচর্যাও করত। পুলিশের দাবি, জেরায় সুকুমার স্বীকার করেছে, সে-ই সুযোগ বুঝে বৃদ্ধাকে খুন করে লুটের পরিকল্পনা করেছিল। বৃদ্ধা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। ধৃত সুকুমারকে মঙ্গলবার আলিপুর আদালত চার দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
পুলিশ সূত্রের খবর, নেতাজিনগর থানার পল্লিশ্রী এলাকার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল ৭৬ বছরের কৃষ্ণা রায়চৌধুরীকে। তিনি একাই থাকেন। তাঁর দুই মেয়ে থাকেন বিদেশে। পুলিশ জানিয়েছে, বৃদ্ধার গলায় ছুরির কোপের চিহ্ন ছিল। ঘরের আলমারি থেকে সোনার গয়না-সহ বেশ কিছু সামগ্রীও মিলছিল না।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কৃষ্ণার বাড়িতে মাঝেমধ্যে এক ফলবিক্রেতা আসত। ফল বিক্রির পাশাপাশি, সে বৃদ্ধার বাড়ির গাছের পরিচর্যা করত। এর পরেই ওই যুবকের খোঁজ শুরু করে পুলিশ। শেষে সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সূর্যপুর থেকে ধরা পড়ে সুকুমার। তার বাড়ি মগরাহাটে। ধৃতকে জেরা করে চুরির সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে