—প্রতিনিধিত্বমূলক ছবি।
বিধাননগর পুরনিগমের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ‘ডান হাত’ বলে পরিচিত অমিত চক্রবর্তী ওরফে ননীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার ননীকে আদালতে হাজির করাবে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ১০ দিনের জন্য তাঁকে হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে।
দেবরাজ রাজারহাট-গোপালপুর কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী। তিনি বিধাননগরের অন্যতম মেয়র পারিষদও বটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ মে বিধানসভা ভোটের গণনার দিন বিজয় মিছিল বার করেছিলেন বিজেপির কয়েক জন কর্মী-সমর্থক। অভিযোগ, পাঁচ-ছ’জন দুষ্কৃতী কটু মন্তব্য করে এবং হুমকি দিয়ে ওই মিছিল আটকানোর চেষ্টা করে। এই মর্মে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তেঘরিয়ার বাসিন্দা কিশোর হালদার।
কিশোরের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং হেমন্ত চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। দু’জনেই এখন পুলিশি হেফাজতে রয়েছেন। অভিযোগকারীর দাবি, অভিযুক্তেরা বাঁশের লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করার চেষ্টা করেন। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে বাগুইআটি থানার পুলিশ।