Rose Price Hike

প্রেমের জোয়ারে ‘কাঁটা’ ফুটছে মহার্ঘ গোলাপে

শহরের বিভিন্ন বাজার ঘুরেই দেখা গেল, ভ্যালেন্টাইনস দিবসের প্রাক্কালে গোলাপের দাম কোথাও পাঁচ গুণ, কোথাও চার গুণ বেড়েছে। দেশি যে গোলাপগুলি এক একটি ১০ টাকায় বিক্রি হত, সেগুলিই এখন বিকোচ্ছে কোথাও ৩০ টাকা, কোথাও ৪০ বা ৫০ টাকা হিসেবে।

চন্দন বিশ্বাস

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩১
Share:

ফুলেশ্বর: প্রেম দিবসের আগে গোলাপের ডালি সাজাতে ব্যস্ত এক বিক্রেতা। বৃহস্পতিবার, নিউ মার্কেটে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

প্রেমের সপ্তাহে চারদিকে ভালবাসার জোয়ার। এ সময়ে মনের মানুষকে উপহার দিয়ে ভালবাসার কথা জানাতে ফুলের বিকল্প কিছু হয় নাকি! কিন্তু তা কিনতে গিয়ে কার্যত পকেট ফাঁকা হওয়ার জোগাড় যুগলদের। ফেব্রুয়ারি মাস পড়তেই ‘মহার্ঘ’ গোলাপ রীতিমতো পকেটে কাঁটা বিঁধছে। একশো ছুঁই-ছুঁই গোলাপের বিকল্প হিসাবে কেউ কেউ ভালবাসা নিবেদনে অর্কিডের দিকে ঝুঁকলেও, অনেকে আবার পকেট ফাঁক করে সেই মহার্ঘ গোলাপেই ভরসা রাখছেন।

শহরের বিভিন্ন বাজার ঘুরেই দেখা গেল, ভ্যালেন্টাইনস দিবসের প্রাক্কালে গোলাপের দাম কোথাও পাঁচ গুণ, কোথাও চার গুণ বেড়েছে। দেশি যে গোলাপগুলি এক একটি ১০ টাকায় বিক্রি হত, সেগুলিই এখন বিকোচ্ছে কোথাও ৩০ টাকা, কোথাও ৪০ বা ৫০ টাকা হিসেবে। দেশি গোলাপের দাম তবু নাগালের মধ্যে থাকলেও বেঙ্গালুরু গোলাপের দাম কার্যত ধরাছোঁয়ার বাইরে। প্রতিটি বেঙ্গালুরু গোলাপের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। কোথাও বিকোচ্ছে ১০০ টাকায়, কোথাও ১২০ টাকায়। ফুল বিক্রেতারা জানাচ্ছেন, বেঙ্গালুরু গোলাপের মধ্যে লাল গোলাপের চাহিদা এখন সব থেকে বেশি। ফলে অন্য রঙের গোলাপের তুলনায় এর বাজারদরও আকাশছোঁয়া। বিকল্প হিসাবে অনেকে আবার অর্কিডের দিকে ঝুঁকছেন। গোলাপের তুলনায় বর্তমানে অর্কিডের দাম কম, তবে তা-ও বছরের অন্য সময়ের তুলনায় অনেকটাই বেশি।

‘ভ্যালেন্টাইনস’ সপ্তাহে প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে ফুলের তোড়ার জনপ্রিয়তা তুঙ্গে। তার মধ্যে সব থেকে বেশি চাহিদা থাকে লাল গোলাপের। ফলে প্রতি বছর ফেব্রুয়ারিতে ভালবাসার সপ্তাহ পড়তে না পড়তেই চড়চড়িয়ে বাড়তে থাকে গোলাপের দাম। এ বছরও তার ব্যতিক্রম নয়। শহরের ফুল ব্যবসায়ীরা জানাচ্ছেন, এই সময়ে বিয়ের তারিখও থাকে, ফলে ফুলের দাম এমনিতেই কিছুটা চড়া থাকে। সঙ্গে দোসর ভালবাসার সপ্তাহ। ফলে অনেকেই সুযোগ বুঝে ফুলের দাম কয়েক গুণ বাড়িয়ে রাখেন। দমদম মেট্রো স্টেশন সংলগ্ন এক ফুল ব্যবসায়ী যদিও বললেন, ‘‘ভালবাসার সপ্তাহ চলছে। এই সময়ে দাম নিয়ে কেউ আর ভাবে নাকি! দাম তো অকারণে বাড়াচ্ছি না। যেমন কিনছি, তেমন দামেই বিক্রি করছি।’’ কার্যত একই সুর যদুবাবুর বাজার, রাসবিহারী মোড়, টালিগঞ্জের ফুল বিক্রেতাদের গলাতেও।

হাওড়ার মল্লিকঘাট পাইকারি ফুলবাজার থেকেই মূলত শহরের বিভিন্ন বাজারে গোলাপ-সহ অন্যান্য ফুল সরবরাহ হয়। সেই পাইকারি বাজারেও সপ্তাহভর গোলাপের দাম ছিল চড়া। বাজার সূত্রে জানা গেল, সেখানে ২০টি বেঙ্গালুরু গোলাপ বিকিয়েছে ৭০০-৯০০ টাকা দরে। দেশি গোলাপের দাম ছিল ৩০০-৫০০ টাকা। মল্লিকঘাট ফুলবাজার উন্নয়ন সমিতির সম্পাদক অশোক গিরি বললেন, ‘‘ফুলের বাজার পারদের মতো। কখন বাড়বে, কেউ জানে না। এই সময়ে চাহিদা থাকে বলে সাধারণত দামও বেশি থাকে। তবে এ বছর শীতেরআমেজ এখনও থেকে যাওয়ায় গোলাপের ফলন তুলনামূলক কম। ফলে দাম আরও বেড়েছে।’’

আর মহার্ঘ ফুল নিয়ে কী বলছেন যুগলেরা? রাসবিহারী মোড়ের একটি দোকান থেকে গোলাপের তোড়া কিনছিলেন এক যুগল।বললেন, ‘‘দাম কিছুটা বেশিই মনে হচ্ছে। কিন্তু এখানে তো কিছু করার নেই। ভালবাসায় সব সময় কি এত হিসেব কষলে চলে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন