কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। —ফাইল চিত্র।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। উত্তরবঙ্গে চলবে ভারী বর্ষণ।
উত্তরপ্রদেশের উত্তরাংশ থেকে ছত্তীসগঢ় হয়ে দক্ষিণ ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আরও কিছু দিন তা থাকতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, সারা সপ্তাহ ধরেই দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা কোথাও নেই। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। এমনিতে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে সোমবার দুর্যোগ বাড়বে। ওই দিন কলকাতাতেও কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও একই পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় সোমবার ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই তালিকায় আছে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। এ ছা়ড়া, উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। পাহাড় সংলগ্ন জেলাগুলিতে বুধবার পর্যন্ত এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে মঙ্গলবার পর্যন্ত সতর্কতা জারি রয়েছে।
ঝড়বৃষ্টির কারণে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গে প্রাথমিক ভাবে তাপমাত্রা কিছুটা বাড়বে। তার পর তা আবার কমে যাবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। এ ছাড়া, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম।