কলকাতার রুশ উপদূতাবাস। (ইনসেটে) রুশ উপদূতাবাসের চিঠি। ছবি: সংগৃহীত।
কলকাতার রুশ উপদূতাবাসের গাড়ি থামিয়ে তল্লাশি পুলিশের! কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ তুলে বিদেশ মন্ত্রকের কাছে নালিশ জানাল ভারতের রুশ দূতাবাস। অভিযোগপত্র পাঠানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর এবং পুলিশের শীর্ষ আধিকারিকদেরও।
কলকাতার রুশ উপদূতাবাসের তরফে জানানো হয়েছে, দু’বার শহরের দুই এলাকায় তাদের গাড়ি আটকে তল্লাশি করেছে পুলিশ। তাদের এ-ও দাবি যে, উপদূতাবাসের গাড়ি জানা সত্ত্বেও তল্লাশি চালানো হয়। ঘটনার সবিস্তার বিবরণ দিয়ে উপদূতাবাস জানিয়েছে, গত ১৪ এপ্রিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং রাসবিহারী অ্যাভিনিউয়ের মাঝে এবং ১৬ এপ্রিল চেতলা রোড-কালীঘাট রোড ক্রসিংয়ে উপদূতাবাসের গাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
বিদেশ মন্ত্রকের কাছে পাঠানো অভিযোগপত্রে রুশ উপদূতাবাসের তরফে ভিয়েনা সম্মেলনে গৃহীত মান্য কূটনৈতিক বিধির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, কূটনৈতিক কাজে ব্যবহৃত গাড়ি রক্ষাকবচ পেয়ে থাকে। সেই কারণে কূটনৈতিক শিষ্টাচার মেনেই এই সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হয় না। কিন্তু একই সপ্তাহে দু’দিন রুশ উপদূতাবাসের গাড়ি থামিয়ে তল্লাশি করে সেই শিষ্টাচার এবং বিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ।
বিধানসভা ভোটের আবহে কলকাতা-সহ গোটা রাজ্যেই নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। বিশেষ বিশেষ জায়গায় গাড়ি থামিয়ে চলছে নাকা তল্লাশি। ইতিমধ্যেই শহরের নানা জায়গায় গাড়িতল্লাশি করে অস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এই আবহে রুশ উপদূতাবাসের গাড়িতেও তল্লাশি চালানো হয়। অভিযোগ, উপদূতাবাসের গাড়ি জানার পরেও ছাড় দেওয়া হয়নি। এই ঘটনায় উপদূতাবাসের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।