Flights Cancelled

কলকাতা থেকে পশ্চিম এশিয়াগামী বিমান পরিষেবা ব্যাহত, বাতিল করা হল আসা-যাওয়ার সাতটি উড়ান

বাতিল হওয়া উড়ানগুলির মধ্যে এয়ার অ্যারাবিয়ার একটি। এ ছাড়াও এতিহাদ এয়ারলাইন্সের দু’টি, কাতার এয়ারওয়েজ়ের দু’টি এবং এমিরেটসের দু’টি বিমান বাতিল হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৫:১৭
Share:

প্রতীকী ছবি।

পশ্চিম এশিয়াগামী এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে কলকাতাগামী মোট সাতটি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হল শুক্রবার। কলকাতা বিমানবন্দর থেকে দুবাই, দোহা এবং আবু ধাবিগামী মোট চারটি উড়ান বাতিল করা হয়েছে। অন্য দিকে, আবু ধাবি, দুবাই এবং দোহা থেকে কলকাতাগামী তিনটি উড়ান বাতিল হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর।

Advertisement

বাতিল হওয়া উড়ানগুলির মধ্যে এয়ার অ্যারাবিয়ার একটি। এ ছাড়াও এতিহাদ এয়ারলাইন্সের দু’টি, কাতার এয়ারওয়েজ়ের দু’টি এবং এমিরেটসের দু’টি বিমান বাতিল হয়েছে। এয়ার অ্যারাবিয়ার উড়ানটি কলকাতা থেকে আবু ধাবি যাওয়ার কথা ছিল। এতিহাদের একটি উড়ান কলকাতা থেকে আবু ধাবি, অন্যটি আবু ধাবি থেকে কলকাতা আসার কথা ছিল। কাতার এয়ারওয়েজ়ের দোহা থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে দোহাগামী উড়ান বাতিল করা হয়েছে। এমিরেটসের দুবাই থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে দুবাইগামী উড়ান বাতিল হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর।

কলকাতা বিমানবন্দরের এক কর্তা জানিয়েছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উড়ানগুলির পথ নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। উড়ান বাতিল হচ্ছে কি না, বা সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে কি না— ইত্যাদি নজরে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। প্রসঙ্গত, দুবাইয়ের উদ্দেশে কলকাতা বিমানবন্দর থেকে শেষ বিমান উড়েছিল ২৮ ফেব্রুয়ারি। এমিরেটসের একটি উড়ান ওই দিন সকাল ৯টা ৩৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়। তার পর থেকে দুবাইয়ের উদ্দেশে কোনও বিমান ছাড়েনি কলকাতা থেকে। আবার দুবাই থেকেও কলকাতায় আসেনি কোনও বিমান। ১১৩ ঘণ্টা ৫ মিনিট উড়ান পরিষেবা বন্ধ থাকার পর আবার তা চালু হয় বুধবার।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নেমেছে ইজ়রায়েল এবং আমেরিকা। তার পর থেকেই পশ্চিম এশিয়া জুড়ে সামরিক উত্তেজনা চরমে। পশ্চিম এশিয়ার দেশগুলি নিরাপত্তার স্বার্থে একের পর এক আকাশসীমা সাময়িক ভাবে বন্ধ রাখে। বৃহস্পতিবার থেকে দুবাইয়ে বিমান চলাচল শুরু হয়। শুক্রবার থেকে দোহা এবং আবু ধাবিতেও আংশিক উড়ান পরিষেবা চালু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement