Tangra Incident

ট্যাংরায় তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার গুচ্ছ গুচ্ছ আধার কার্ড! রয়েছে কারণ নিয়ে ধোঁয়াশা, হয়রানির অভিযোগ স্থানীয়দের

ট্যাংরার ইস্ট কুলিয়া রোডে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের আলমারি ভেঙে আধার কার্ডগুলি উদ্ধার করা হয়। স্থানীয়দের অনেকের আধার কার্ডই সেখানে পাওয়া গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৪:০৫
Share:

তৃণমূল কার্যালয়ে উদ্ধার হওয়া আধার কার্ড। বৃহস্পতিবার ট্যাংরায়। —নিজস্ব চিত্র।

কলকাতার ট্যাংরা থানা এলাকায় তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হল গুচ্ছ গুচ্ছ আধার কার্ড। ট্যাংরার ইস্ট কুলিয়া রোডে থাকা ওই দলীয় কার্যালয়টির আলমারি ভেঙে আধার কার্ডগুলি উদ্ধার করা হয়। স্থানীয়দের অনেকের আধার কার্ডই সেখানে পাওয়া গিয়েছে।

Advertisement

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলঘোষণার পর তৃণমূলের কার্যালয়টি তালাবন্ধ অবস্থায় ছিল। পরে স্থানীয়দের একাংশ তালা ভেঙে কার্যালয়টির ভিতরে ঢোকেন। সেখানে থাকা একটি আলমারির ভিতরে আধার কার্ডগুলি ছিল। আধার কার্ড উদ্ধারের খবর পেয়ে কার্যালয়টির সামনে জড়ো হন স্থানীয়েরা। স্থানীয়দের একাংশ জানান, বাড়িতে তাঁদের আসল আধার কার্ড রয়েছে। তার পরেও কী ভাবে পার্টি অফিসের ভিতরে আধার কার্ড পাওয়া গেল, তার উত্তর খুঁজে পাচ্ছেন না অনেকেই।

এক স্থানীয় অবশ্য জানান, অনেক কাঠখড় পুড়িয়ে মেয়ের আধার কার্ড তৈরি করিয়েছিলেন। কিন্তু কার্ড হাতে পাননি। তাঁর অভিযোগ, ডাকঘর থেকে কার্ড এলেও তৃণমূলের লোকজন ইচ্ছাকৃত সেগুলো নিজেদের কাছে নিয়ে রেখেছিল। কিন্তু কেন এতগুলো আধার কার্ড দলীয় কার্যালয়ে রাখা হত, তা অবশ্য স্পষ্ট নয়। এর উত্তর নেই স্থানীয়দের কাছেও। কারও কারও অভিযোগ, এই আধার কার্ডগুলি ব্যবহার করে ভুয়ো ভোটার কার্ড তৈরি করা হত।

Advertisement

তৃণমূলের এই দলীয় কার্যালয়টি বেলেঘাটা বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে ওই দলীয় কার্যালয়ে বসতেন ৫৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরসদস্য জীবনকুমার সাহা। নির্বাচনের পর অবশ্য ওই কার্যালয়ে তৃণমূলের কাউকেই দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement