Howrah Bridge Fire

হাওড়া ব্রিজের কাছে ফুলের বাজারে আগুন! ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন, যানজটে অবরুদ্ধ স্ট্র্যান্ড রোড

বৃহস্পতিবার রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ হাওড়া ব্রিজের কাছে ফুলের বাজারে আগুন লেগে যায়। দশকর্মার দোকান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের গুদামেও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ২২:২১
Share:

হাওড়া ব্রিজের কাছে অগ্নিকাণ্ডের কারণে স্ট্র্যান্ড রোডে যানজট। বৃহস্পতিবার রাতে। —নিজস্ব চিত্র।

হাওড়া ব্রিজের কাছে অগ্নিকাণ্ড। ফুলের বাজারে একটি দশকর্মার দোকানে আগুন লেগেছিল বলে খবর। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। বেশ কিছু ক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের ফলে এলাকায় যানজট তৈরি হয়েছে। স্ট্র্যান্ড রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। তাতে ভুগতে হচ্ছে যাত্রীদের।

Advertisement

স্ট্র্যান্ড রোডে দমকলের ইঞ্জিন। —নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ হাওড়া ব্রিজের কাছে ফুলের বাজারে আগুন লেগে যায়। দশকর্মার দোকান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের গুদামেও। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে ছ’টি ইঞ্জিন পাঠিয়েছিল দমকল। পরে আরও একটি ইঞ্জিন সেখানে পৌঁছোয়। কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছিল। রাস্তা থেকেও ধোঁয়ার কুণ্ডলী উপরে উঠতে দেখা গিয়েছে। পরে রাত ৯টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, মুড়ি-চিড়ে-বাতাসার দোকানে আগুন লেগেছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে জিনিসপত্রের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। কী থেকে আগুন লাগল, তা-ও জানার চেষ্টা করছে দমকল।

হাওড়া ব্রিজের কাছে দোকানে আগুন। —নিজস্ব চিত্র।

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কিছু ক্ষণ হাওড়া ব্রিজের কাছে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। ব্যস্ত সময়ে স্ট্র্যান্ড রোডে আটকে পড়়েন অনেকে। হাওড়া স্টেশনের দিকে যেতে ব্রিজে ওঠার মুখে সারে সারে দাঁড়িয়ে পড়ে গাড়ি। রাস্তায় দাঁড়িয়ে দমকলের ইঞ্জিনগুলিও। অনেকেই এই সময়ে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরেন। ফলে হাওড়া স্টেশনমুখী রাস্তায় যান চলাচলের বাড়তি চাপ থাকে রাতের এই সময়টিতে। আগুনের কারণে নিত্যযাত্রীরা সমস্যায় পড়়েছেন। রাস্তা আটকে পড়ায় হাওড়া স্টেশনে পৌঁছোনোর অন্য কোনও উপায়ও পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement