থানায় আটক কণিষ্কর গাড়ি। নিজস্ব চিত্র।
রেড রোড কাণ্ডের রেশ কাটতে না কাটতেই শহরে ফের হিট অ্যান্ড রানের ঘটনা। এ বারের ঘটনাস্থল বিজন সেতু। এবং এ বারেও সরাসরি নাম জড়াল শাসক দলের এক নেতার। ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কণিষ্ক মুখোপাধ্যায়কে। দুর্ঘটনার জেরে এক ফুটপাথবাসীর মৃত্যু হলেও তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। দুপুরে আলিপুর আদালতে তোলা হলে তিনি জামিনও পেয়ে যান।
বৃহস্পতিবার গভীর রাতে কসবার দিক থেকে তীব্র গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন কণিষ্ক। বিজন সেতুর মাঝামাঝি জায়গায় এসে নিয়ন্ত্রণ হারায় তাঁর গাড়ি। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি প্রথমে গার্ডরেলে ধাক্কা মারে। তার পর সেতুর উপর দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে। এর পর এক ফুটপাতবাসীকে ধাক্কা মারে গাড়িটি। এর পরেই গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন কণিষ্ক। কণিষ্কর গাড়িটিকে তাড়া করেন কয়েক জন মোটরবাইক চালক। বেশ কিছু দূর গিয়ে পাকরাও করেন অভিযুক্তকে। রাতেই কণিষ্ককে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ।
দুর্ঘটনাস্থলে সকালেও পড়ে রয়েছে রক্ত
এ বারেও অভিযুক্ত শাসক দলের এক নেতা। অভিযুক্ত কণিষ্কের অবশ্য দাবি, গাড়িতে তিনি ছিলেন না। অভিযুক্তের বিরুদ্ধে ২৭৯, ৩৩৭, ৩৩৮, ৪২৭ ধারায় মামলা রুজু করা হয় যার সবকটিই জামিনযোগ্য। বাজেয়াপ্ত করা হয় তাঁর গাড়িটিও। তবে কি শাসক দলের নেতা বলেই জামিনযোগ্য ধারা দিল পুলিশ? আবারও উঠল সেই প্রশ্ন।
আরও খবর:
ছক কষেই জালে সাম্বিয়া
সেনার চাপে ফাস্ট ট্র্যাকে সাম্বিয়া মামলা