আলিপুরে কম্যান্ড হাসপাতালের ভিতরে একটি ন’তলা আবাসনের সামনে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল ঋতু সিংহ (২১) নামে এক তরুণীকে। রবিবারের সেই ঘটনার পর থেকে তাঁর স্বামী অমিত সিংহ বেপাত্তা। পুলিশ জানায়, মঙ্গলবার ঋতুর বাবা ফেকু সিংহ বিহার থেকে এসে অমিত ও তাঁর পরিবারের অন্যদের বিরুদ্ধে আলিপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। নভেম্বরে ঋতুর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পণ চেয়ে তাঁর উপরে অত্যাচার চালানো হচ্ছিল। ফেকুর দাবি, অমিত গত সপ্তাহে স্ত্রীকে নিয়ে কলকাতায় এসে ওই আবাসনে বোনের বাড়িতে ওঠেন।