West Bengal Weather Update

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল! কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় দুর্যোগ, দুই জেলায় অতি প্রবল বৃষ্টি

উত্তরবঙ্গের আট জেলায় শুক্রবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে হতে পারে ভারী বৃষ্টি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৭:৪৯
Share:

দক্ষিণের সব জেলায় শুক্রবার রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। — ফাইল চিত্র।

বঙ্গোপসাগরের উপরে বৃহস্পতিবার তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। দোসর রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত। এ সবের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। দুই জেলায় অতি প্রবল বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে সতর্কতাও। ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি উত্তরবঙ্গেও।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। সংলগ্ন ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে সেই নিম্নচাপ অঞ্চল। পরের ৪৮ ঘণ্টার মধ্যে তা পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলে পৌঁছোবে। অন্য দিকে, দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ অঞ্চলের দক্ষিণ-পশ্চিম পর্যন্ত গিয়েছে মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবারের পরে শুক্রবারও দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় শুক্রবার ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলার কিছু অংশে অতি প্রবল (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই জেলাতেই জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। দক্ষিণের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে।

Advertisement

শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায়। আগামী সোমবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বাকি জেলায় সতর্কতা না থাকলেও ঝড়বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।

নিম্নচাপ অঞ্চলের কারণে উত্তাল থাকবে সমুদ্র। আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

উত্তরবঙ্গের আট জেলায় শুক্রবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে হতে পারে ভারী বৃষ্টি। আট জেলাতেই বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে শনিবারও। আগামী রবিবার জলপাইগুড়ি, কালিম্পঙে হতে পারে ভারী বৃষ্টি। সেখানে জারি হলুদ সতর্কতা। বাকি জেলায় সতর্কতা জারি না থাকলেও চলবে ঝড়বৃষ্টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement