Mamata Banerjee

হারের পর প্রথম মিছিল হকার উচ্ছেদের বিরোধিতায়! দল হাতছাড়া, হাতেগোনা নেতা-কর্মী ছাড়া কেউ নেই মমতার পাশে

ক্ষমতাসীন মমতার পদযাত্রায় যে ধরনের ভিড় দেখা যেত, তা দৃশ্যত ‘উধাও’ বুধবার। মমতার সঙ্গে সামনের সারিতে হাঁটতে দেখা গেল কুণাল ঘোষ, দোলা সেনের মতো হাতেগোনা কয়েক জনকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৮:০১
Share:

হকার উচ্ছেদের বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

নির্বাচনী ভরাডুবির পর বুধবার প্রথম মিছিল করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার লেনিন মূর্তি থেকে সুবোধ মল্লিক স্কোয়্যার পর্যন্ত চলল মিছিল। পদযাত্রার শেষে একটি সভা করারও পরিকল্পনা ছিল বলে সূত্রের খবর। কিন্তু হল না। মিছিল শেষ করে গাড়িতে উঠে বেরিয়ে গেলেন মমতা।

Advertisement

ভোটে হারের পর থেকে কয়েক দফায় মমতা সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছেন নিজের বার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার পরে গত ২ জুন ধর্নাতেও বসেছিলেন। সেখান থেকে হকার উচ্ছেদের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। এ বার হকার উচ্ছেদের প্রতিবাদে মিছিল করলেন তৃণমূলনেত্রী। তবে হাতেগোনা কয়েক জনকে ছাড়া কোনও নেতা-কর্মীকে দেখা গেল না মমতার সঙ্গে হাঁটতে।

ক্ষমতাসীন মমতার পদযাত্রায় যে ধরনের ভিড় দেখা যেত, তা দৃশ্যত ‘উধাও’ ছিল বুধবার। ভোট ভরাডুবির পর থেকে তৃণমূলে অভূতপূর্ব ডামাডোল চলছে। বিধানসভার পরিষদীয় দল এবং লোকসভার সংসদীয় দলের বেশির ভাগই মমতার নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গিয়েছে। যে নেতানেত্রীরা এখনও মমতার ‘অনুগত’ রয়েছেন, তাঁদেরও বেশির ভাগের দেখা মিলল না বুধবারের মিছিলে। মমতার সঙ্গে সামনের সারিতে হাঁটতে দেখা গেল কুণাল ঘোষ, দোলা সেনের মতো হাতেগোনা কয়েক জনকে।

Advertisement

রাজ্যে পালাবদলের পর থেকে সরকারি সম্পত্তি বেআইনি ভাবে দখলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। জায়গায় জায়গায় বেআইনি হকারদের উচ্ছেদ শুরু হয়েছে। তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে বামপন্থী দলগুলি। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ-কর্মসূচি চালাচ্ছে বামেরা। তৃণমূলনেত্রী মমতাও সমাজমাধ্যমে হকার উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়েছেন। গত ২৬ মে, আন্তর্জাতিক হকার দিবসে এ নিয়ে দীর্ঘ পোস্ট করেন তিনি। অভিষেক আক্রান্ত হওয়ার পর ধর্না কর্মসূচি থেকেও এ নিয়ে সরব হন। তবে হকার উচ্ছেদ বিরোধী আন্দোলন বর্তমানে দৃশ্যত বামেদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এ অবস্থায় উচ্ছেদ বিরোধী আন্দোলনকে নিজের নিয়ন্ত্রণে আনতে বুধবার রাস্তায় নামেন মমতা।

উল্লেখ্য, বুধবার তৃণমূলনেত্রী মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে রাস্তায় নেমেছিলেন। সেখানে হকার উচ্ছেদের পাশাপাশি তৃণমূল কর্মী-সমর্থকদের উপর ‘আক্রমণ’ এবং ‘মিথ্যা অভিযোগের’ প্রেক্ষিতে গ্রেফতারির প্রসঙ্গও ছিল। মিছিল শুরুর আগে বুধবার দুপুরে দলীয় সূত্রে জানা যায়, লেনিন সরণি ধরে মিছিল যাবে সুবোধ মল্লিক স্কোয়্যারে। সেখানে বিধান রায়ের বাড়ির উল্টোদিকে একটি সভা করার পরিকল্পনা ছিল তৃণমূলের। তবে শেষ পর্যন্ত মিছিলের পর আর কোনও বক্তৃতা করলেন না তৃণমূলনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement