Weather Forecast

বৃষ্টি শুরু কলকাতায়, দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর, বইবে ঝোড়ো হাওয়াও

রাত ৯টা নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতা-সহ রাজ্যের ছয় জেলায় প্রচণ্ড বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২১:৩৬
Share:

দক্ষিণবঙ্গের ছয় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

সন্ধ্যা গড়াতেই কলকাতায় শুরু হল বৃষ্টি। কোথাও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কোথাও আবার বৃষ্টির তেজ বেশি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের ছয় জেলায় আগামী দু’-তিন ঘণ্টার জন্য বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

রাত ৯টা নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতা-সহ রাজ্যের ছয় জেলায় প্রচণ্ড বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও বইবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও আবার হাওয়ার বেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ছাড়াও হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে আগামী দু’-তিন ঘণ্টায় ঝড়বৃষ্টি হবে। তার মধ্যে দুই মেদিনীপুরের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়ে আবহাওয়া দফতর। বাকি চার জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতায় দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement

দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের জন্য আগেই সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছিল, উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ চলবে। সোম থেকে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে মঙ্গলবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ঝড়বৃষ্টি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement