ময়নায় অভিষেক বন্দোপাধ্যায়ের রোড শো। নিজস্ব চিত্র ।
জমি আন্দোলনের আঁতুড় ঘর নন্দীগ্রামের পাশাপাশি, ময়নায় বাকচায় বিজেপির ‘দুর্গ’ ভাঙতে বদ্ধপরিকর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়নায় দলীয় প্রার্থী চন্দন মণ্ডল আক্রান্ত হওয়ার পর দিনই জেলায় এসে সেই চ্যালেঞ্জ ছুড়ে হুঁশিয়ারিও দিলেন তিনি। বললেন, ‘‘যে যে ভাষায় বোঝে, আমি তাঁদের জবাব দিতে জানি। এখানে এখন যাঁরা গুন্ডামি করছেন, ২২ দিন পর কে তাঁদের বাঁচাবে!’’
২০২১ সালে ময়না বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়লাভে ক্ষেত্রে অন্যতম 'ফ্যাক্টর' হয়েছিল বাকচা এলাকা। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল এ বার প্রার্থী করেছে বিজেপি ছেড়ে সদ্য দলে যোগ দেওয়া চন্দন মণ্ডলকে। তাঁর সমর্থনে রবিবার ময়নার বলাইপন্ডা বাজার এলাকায় রোড-শো করতে এসেছিলেন অভিষেক। দুপুরে বলাইপণ্ডা বাজার থেকে বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ পর্যন্ত প্রায় আধ কিলোমিটার তাঁর রোড শো হয়।
রোড-শোর পরে বক্তৃতা করতে গিয়ে শনিবার বাকচাতেই চন্দনের আক্রান্ত হওয়ার ঘটনার প্রসঙ্গ তোলেন অভিষেক। তিনি বলেন, ‘‘যে যে ভাষায় বোঝে আমি তাঁদের জবাব দিতে জানি। একটাকে (বিজেপি নেতা উত্তম সিংহ) ময়নায় ঢোকা বন্ধ করেছি। বাকিদের ব্যবস্থা হবে। আগামী ২৩ এপ্রিল ভোটের দিন আমি কন্ট্রোল রুমে থাকব। বুথে বুথে যোগাযোগ থাকবে। চতুর্থবার জিতে সরকার গড়ার পরে বাকচায় পুলিশের আউট পোস্ট তৈরি করব। যারা দাপাদাপি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।’’
উল্লেখ্য, বিধানসভায় জয়ের পাশাপাশি ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশভাবে বাকচা এবং সংলগ্ন গোজিনা পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছিল বিজেপি। এগুলি জেলার অন্যতম রাজনৈতিক সংবেদনশীল এলাকা হিসাবে পরিচিত। অভিষেক এ দিন দাবি করেন, ‘‘তমসাছন্ন ময়নায় ২৩ এপ্রিল মুক্তির সূর্যোদয় ঘটবে।’’ তাঁর কথায়, ‘‘ময়নায় দুটো জায়গায় সমস্যা ছিল— বাকচা ও গোজিনা। গোজিনায় খেলা শেষ (চন্দন মণ্ডল গোচিনারই বিজেপি নেতা ছিলেন)। বাকচায় আমাদের নজরে আছে। পাঁচ বছর আগে অশোক দিন্দা জিতেছিলেন। চন্দন মণ্ডল পাশে না থাকলে জিতত?’’ অশোক দিন্দাকে পাঁচ বছরে তেমন ভাবে এলাকায় দেখা যায়নি বলে দাবি করেন অভিষেক। অশোক জাতীয় দলে ক্রিকেটে খেলেছেন এক সময়। সে বিষয়ে কটাক্ষের সুরেই অভিষেক বলেন, ‘‘অশোক দিন্দা সাম্প্রদায়িকতার ইয়র্কার দেবে। আর ময়নার মানুষ সম্প্রীতির কভার ড্রাইভ দেবে।’’
সম্প্রতি হলদিয়ায় জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় তাঁর বক্তৃতায় রাজ্যের মৎস্যজীবীদের প্রসঙ্গ উঠে আসে। এ দিন অভিষেক ময়নার মাছ চাষিদের জন্য বার্তা দেন। তিনি বলেন, ‘‘২০১৩ সাল থেকে ময়নায় মাছের চাষের বৃদ্ধি হতে হতে এখন ময়নায় ৯৫ শতাংশ মানুষ মাছ চাষের সঙ্গে সরাসরি যুক্ত। তৃণমূলকে এ বার ২৫ হাজার ভোটে জেতান। ময়নাকে নতুন করে সাজাব তো বটেই, ময়নায় মৎস্য হাব তৈরি করা হবে কথা দিয়ে যাচ্ছি।’’
অভিষেকের চ্যালেঞ্জ প্রসঙ্গে ময়নার গোজিনায় বিজেপির প্রচার সভায় প্রার্থী অশোক দিন্দা বলেন, ‘‘আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, হিম্মত থাকলে বাকচা এসে সভা করে দেখাও।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে