টুকরো খবর

স্কুল শিক্ষক বাবার মৃত্যুর পরে মানবিকতার খাতিরে সরকারি চাকরি পেয়েছেন তাঁর ছেলে। পুলিশের কাছে ছেলের মায়ের অভিযোগ, তিনি তাঁর স্বামীর অবসরকালীন পাওয়া টাকা ছেলে-বউমার নামে লিখে না দেওয়ায় তাঁরা তাঁকে গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা করেছে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে ওই বিধবার ছেলে ও বউমা কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান।

Advertisement
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৮
Share:

টাকা না পেয়ে মাকে খুনের চেষ্টার নালিশ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

স্কুল শিক্ষক বাবার মৃত্যুর পরে মানবিকতার খাতিরে সরকারি চাকরি পেয়েছেন তাঁর ছেলে। পুলিশের কাছে ছেলের মায়ের অভিযোগ, তিনি তাঁর স্বামীর অবসরকালীন পাওয়া টাকা ছেলে-বউমার নামে লিখে না দেওয়ায় তাঁরা তাঁকে গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা করেছে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে ওই বিধবার ছেলে ও বউমা কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম রায় ছেলে ও বউমার আগাম জামিনের আবেদন নাকচ করে দেন। পুলিশ জানায়, রামনগর থানা এলাকার বাসিন্দা বৃদ্ধা স্নেহলতা গায়েনের স্বামী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পুলিশের কাছে তিনি অভিযোগ করেন, বছর কয়েক আগে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। অবসর নেওয়ার সময় তাঁর স্বামী প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বাবদ যে টাকা পেয়েছিলেন, সেই টাকা ছেলে ও বউমার নামে লিখে দেওয়ার জন্য তাঁর উপর ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি ছেলে-বউমার চাপের কাছে নতি স্বীকার করেননি। টাকা লিখে না দেওয়ায় মাস কয়েক আগে এক দুপুরে তাঁর ছেলে মৃণালকান্তি ও বউমা মামণি তাঁকে বেধড়ক পেটায়। তাঁর গলায় ওড়ার ফাঁস জড়িয়ে শ্বাসরোধ করে তাঁকে খুনের চেষ্টা হয় বলে স্নেহলতাদেবীর অভিযোগ। এ দিন আগাম জামিনের মামলাটি শুনানির জন্য ওঠে। বিচারপতি রায় সরকারি আইনজীবীর কাছে মামলার কেস ডায়েরি দেখতে চান। পুলিশ জানায়, স্নেহলতাদেবীর ছেলে ও বউমাকে শীঘ্রই গ্রেফতার করা হবে।

Advertisement

চুরি, ধৃতদের পুলিশ হেফাজত

Advertisement

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

হলদিয়া টাউনশিপ থেকে চুরির অভিযোগে ধৃত দুই যুবককে পাঁচ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। শুক্রবার হলদিয়ার এসিজেএম বিশ্বজ্যোতি চট্টোপাধ্যায় এই নির্দেশ দেন। উল্লেখ্য, ধৃত দুই যুবক শিবা দাস ও রবি দাস ওড়িশার জাজপুরের কোরাই থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে পোশাক বিক্রি করত। গত ১৪ ফেব্রুয়ারি রাতে হলদিয়ার মাখনবাবুর বাজারে কার্তিক খাটুয়া নামে এক সোনা ব্যবসায়ী দোকান বন্ধ করছিলেন। কার্তিকবাবুর প্যান্টের পিছনে চাবির ব্যাগ রাখা ছিল। অভিযোগ, ওই দুই যুবক চাবির ব্যাগ ছিনতাই করে পালায়। ব্যাগে নগদ ১০ হাজার টাকা, তিনটি এটিএম কার্ড ও এটিএম কার্ডের পিন নম্বর লেখা ছিল বলে কার্তিকবাবুর দাবি। অভিযোগ, ওই দুই যুবক দু’টি এটিএম কার্ড ব্যবহার করে প্রায় এক লক্ষ টাকা তুলে নেয়। এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শিবা ও রবিকে চিহ্নিত করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়া টাউনশিপ এলাকা থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে চুরি যাওয়া টাকা ও এটিএম কার্ড উদ্ধারের জন্য জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে বলে জানা গিয়েছে।

নালিশ, ধৃত

নিজস্ব সংবাদদাতা • কাঁথি

এক কিশোরীকে অপহরণে সাহায্য করার অভিযোগে ধৃত সুরজিৎ আড়িকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কাঁথি আদালত। বৃহস্পতিবার রাতে সুরজিৎকে ধরে খেজুরি থানার পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক চোদ্দো দিনের জেল হাজতের নির্দেশ দেন। হেঁড়িয়ার বাসিন্দা আশিস গুড়িয়া নামে এক যুবকের কাছে ওই এলাকারই বাসিন্দা নবম শ্রেণির এক ছাত্রী পড়তে আসত। অভিযোগ, গত ২৫ ফেব্রুয়ারি সুরজিৎ আড়ির সহায়তায় ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় আশিস। তাঁদের সঙ্গে সুরজিৎও ছিল বলে অভিযোগ। গত ২৬ ফেব্রুয়ারি ওই ছাত্রীর পরিবারের লোকেরা হেঁড়িয়া পুলিশ কেন্দ্রে আশিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

পরীক্ষাকেন্দ্রেই জখম, দেওয়া হল না মাধ্যমিক

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

পরীক্ষাকেন্দ্রে ব্যাগ রাখতে গিয়ে মাথায় চোট পেয়ে আর পরীক্ষাই দেওয়া হল না এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মানস ঘোষ নামে ওই ছাত্র আনন্দপুর হাইস্কুলে পড়ে। তার পরীক্ষাকেন্দ্র কেশপুরের সাহসপুর হাইস্কুলে। শুক্রবার ছিল ইতিহাস পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রেই ব্যাগ রাখতে গিয়ে আচমকা পড়ে যায় সে। মাথায় আঘাত লাগে। মানসকে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হয়। পরে স্থানান্তরিত করা হয় কলকাতায়। মধ্যশিক্ষা পর্ষদের জেলা মনিটরিং টিমের কনভেনর নির্মলেন্দু দে বলেন, “ঘটনাটি অনভিপ্রেত।” পর্ষদ সূত্রে খবর, জেলার বিভিন্ন এলাকায় এ দিন অন্তত পাঁচজন মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়। সকলেই অবশ্য পরীক্ষা দিয়েছে। নির্মলেন্দুবাবুর কথায়, “গরমে কয়েকজন অসুস্থ হয়েছিল। তারা যাতে ভাল ভাবে পরীক্ষা দিতে পারে, সে জন্য সব ব্যবস্থাই করা হয়েছিল।”

বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ‘জাতীয় সেবা প্রকল্প’-এর অধীনে কর্মজীবনে প্রবেশ সংক্রান্ত বিশেষ কর্মশালার সূচনা হল বৃহস্পতিবার। জাতীয় সেবা প্রকল্পের কো-অর্ডিনেটর শিক্ষক তপনকুমার দে জানান, চাকরি পাওয়ার জন্য শুধু বিশ্ববিদ্যালয়ের শংসাপত্রই যথেষ্ট নয়। ব্যক্তিত্বের উন্নয়ন-সহ কিছু গুণও থাকা প্রয়োজন। সেই সব পরামর্শ ও হাতেকলমে প্রশিক্ষণ দিতে এই কর্মশালা। দেশের এক নামী তথ্য প্রযুক্তি সংস্থার পেশাদার প্রশিক্ষকরা দশ দিন ধরে ১২০ জন পড়ুয়াকে নিখরচায় প্রশিক্ষণ দেবেন।

সরলেন স্বপন

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল পদ থেকে স্বপন নস্করকে সরালেন হলদিয়ায় পুরপ্রধান দেবপ্রসাদ মণ্ডল।, স্বপনবাবু জল, ভূমি, বিদ্যুৎ দফতরের চেয়ারম্যান ইন কাউন্সিল পদে ছিলেন। কেন সরানো হল? পুরপ্রধানের দাবি, “ওই ক’টি বিভাগে কাজ সে ভাবে এগোচ্ছিল না। তাই এই সিদ্ধান্ত।” স্বপনবাবুর দাবি, “পুরপ্রধান দুর্নীতির সঙ্গে যুক্ত। তার প্রতিবাদ করেছিলাম। তাই ক্ষোভে এই সিদ্ধান্ত নিয়েছেন।” স্বপনবাবুর অভিযোগ উড়িয়ে দিয়েছেন দেবপ্রসাদবাবু।

বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ‘জাতীয় সেবা প্রকল্প’-এর অধীনে পড়াশোনার শেষে কর্মজীবনে প্রবেশ সংক্রান্ত এক বিশেষ কর্মশালার সূচনা হল বৃহস্পতিবার। দেশের এক নামী তথ্য প্রযুক্তি সংস্থার পেশাদার প্রশিক্ষকরা দশ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের বাছাই করা ১২০ জন পড়ুয়াকে নিখরচায় প্রশিক্ষণ দেবেন।

কাঁসাইয়ে জল কম থাকায় বন্ধ নৌকা চলাচল। অগত্যা নদীর উপরে বাঁশের সেতুই ভরসা।

সেতুর একদিকে ডেবরার ভবানীপুর অন্য দিকে, দাসপুরের দুবরাজপুর। ডেবরা থেকে দাসপুর

যেতে এই সেতু ব্যবহার করলে ৪৫ কিলোমিটার দূরত্ব কম হয়। তাই জীবনের ঝুঁকি

নিয়ে বাঁশের সেতু দিয়েই চলছে গাড়ি। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

মেদিনীপুর বিদ্যাসাগর শিশু নিকেতনে চলছে আইসিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement