Police Investigation

খড়্গপুর আইআইটির ছাত্র জয়বীরের মৃত্যুর কারণ জানতে গঠন করা হল তথ্য অনুসন্ধান দল, বেঁধে দেওয়া হল সময়সীমা

রবিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জয়বীরের ময়নাতদন্ত হয়। তার পর বিকালে গুজরাতের উদ্দেশে দেহ নিয়ে রওনা দেন জয়বীরের পরিজনেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০২:৪৩
Share:

মৃত জয়বীর সিংহ ডোডিয়া। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র জয়বীর সিংহয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তথ্যানুসন্ধান কমিটি গড়লেন খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ। পুলিশের প্রাথমিক অনুমান, গুজরাতের অহমদাবাদের ঘুমা এলাকার বাসিন্দা ওই যুবক শনিবার সকালে ক্যাম্পাসের আট তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন।

Advertisement

সূত্রের খবর, অনুসন্ধান দলের কাছে সাত দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই ক্যাম্পাসের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে ছাত্রের চশমা, মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। নেহেরু হলের যেখানে জয়বীর থাকতেন সেই কক্ষটিকেও পুলিশ বন্ধ করে দিয়েছে। তবে মৃত ছাত্রের পরিবারের তরফে খড়্গপুর টাউন থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।

রবিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জয়বীরের ময়নাতদন্ত হয়। তার পর বিকালে গুজরাতের উদ্দেশে দেহ নিয়ে রওনা দেন জয়বীরের পরিজনেরা।

Advertisement

শববাহী যানে মৃতের দেহ। —নিজস্ব চিত্র।

রবিবার সকালেই খড়গপুর আইআইটি ক্যাম্পাসে এসে পৌঁছোযন মৃতের দাদু সর্দার সিংহ-সহ আত্মীয়েরা। দাদু বলেন, ‘‘দিনের বেলায় ফোন করত না। মেসেজ করে জানিয়ে দিত ক্লাসে রয়েছে। পরশু (শুক্রবার) রাতেই বাবা, মা, ঠাকুমার সঙ্গে ফোনে কথা বলেছিল জয়বীর। তখন কোনও ভাবেই কিছু বোঝা যায়নি। পড়াশোনায় ভাল ছিল। কোনও প্রেম বা বন্ধু- বান্ধবী সংক্রান্ত সমস্যা ছিল না। তার পরেও কেন ছাদ থেকে ঝাঁপ দিতে গেল তা বোঝা যাচ্ছে না।’’

মৃতের পরিবারের দাবি, রবিবার থেকে পরীক্ষা ছিল। পড়াশুনোতে খুবই ভাল ছিলেন জয়বীর। তাই পরীক্ষা নিয়ে কোনও চাপ ছিল না।

Advertisement

এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত করা হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement