Midnapore TMC

নতুন না পুরনো মুখ, প্রার্থী নিয়ে জল্পনা তৃণমূলে

মঙ্গলবার ঘাটাল ব্লক কার্যালয়ে চেয়ারম্যান, শহর ও অঞ্চল সভাপতি, প্রধান-সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ঘাটাল বিধানসভা পদ্মের কাছ থেকে ছিনিয়ে নেওয়াই এখন শাসক দলের কাছে চ্যালেঞ্জ। ফলে প্রার্থিতালিকায় এই কেন্দ্রে কোনও নতুন মুখকে নিয়ে আসা হবে নাকি ভরসা রাখা হবে পুরনো মুখের উপরেই তা নিয়েই শাসকদলের অন্দরে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে ভোটের রণকৌশল ঠিক করতে দলীয় কর্মী-নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসল জেলা তৃণমূল।

মঙ্গলবার ঘাটাল ব্লক কার্যালয়ে চেয়ারম্যান, শহর ও অঞ্চল সভাপতি, প্রধান-সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। দলীয় প্রার্থীকে অন্তত ১৫ হাজার ভোটে জেতাতে প্রত্যেককে মাঠে নামার নির্দেশ দেন তিনি। এ বার ঘাটালে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে কৌতূহল চরমে। গত বারে এই বিধানসভা আসন বিজেপির কাছে হাতছাড়া হওয়ায় প্রার্থী বাছাই নিয়ে রাজ্য নেতৃত্বও সন্তর্পণে এগোতে চাইছেন। দলীয় পদাধিকারী, কর্মীদের পাশাপাশি আমজনতার সঙ্গে কথা বলে ইতিমধ্যেই একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম বাছাই করা হয়েছে। প্রার্থী নিয়ে তথ্য সংগ্রহ করেছে তৃণমূলের ভোটকুশলী সংস্থা। মাঠে নেমেছে ‘ক্যামাক স্ট্রিটের’ নিজস্ব টিমও। সব তথ্য জড়ো করে চলেছে ঝাড়াই বাছাই। শেষপর্যন্ত কে হবেন প্রার্থী তা চূড়ান্ত হবে আরও কিছু সময় পরে। তবে ঘাটাল তৃণমূলের অন্দরে যাবতীয় জল্পনার কেন্দ্রে এখন একটাই বিষয় ঘোরাফেরা করছে। নতুন কোনও মুখকে এই কেন্দ্রে নিয়ে আসা হবে, নাকি ভরসা রাখা হবে পুরনোদের উপরেই!

জল্পনার কারণ, দলের অন্দরে দ্বন্দ্ব। শাসকদলের সংগঠনের অঞ্চল স্তরে বড় ফাটল দেখা দিয়েছে। শহর সংগঠন গুলিতেও দ্বন্দ্ব রয়েছে। গত বিধানসভা ভোটের পর ময়না-তদন্ত শুরু করে তৃণমূল। শাসক দল সূত্রের খবর, সেখানে উঠে আসে, দলীয় প্রার্থীকে হারাতে সক্রিয় ছিল দলেরই এক গোষ্ঠী। এই আবহে ব্লকের সব স্তরের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের সঙ্গে বৈঠক করে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিলেন তৃণমূল জেলা নেতৃত্ব। ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত বলেন, “গত লোকসভা, পঞ্চায়েত এবং পুরসভা ভোটে ঘাটাল বিধানসভায় দল এগিয়ে রয়েছে। বিধানসভা ভোটেও দলীয় প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন, এটা নিশ্চিত। কর্মীরাও উজ্জ্বীবিত। মাঠে নেমে কাজ করতে কর্মীরা প্রস্তুত। তার বৈঠকও সারা।”

এ বার বিধানসভা ভোটে তৃণমূলের হাতিয়ার হবে ঘাটাল মাস্টার প্ল্যান। এর পাশাপাশি রয়েছে ‘যুব সাথী’-সহ সদ্য ঘোষিত তিন প্রকল্প। এই প্রকল্প গুলির সুফল প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবারের বৈঠকে। বিশেষ করে ‘যুব-সাথী’ প্রকল্প। এখন পর্যন্ত এই প্রকল্পে ঘাটাল ব্লকে ১৫ হাজার কাছাকাছি আবেদন জমা পড়েছে। প্রতি বাড়ি গিয়ে যোগাযোগ করার কথাও আলোচনা হয় বৈঠকে। পরীক্ষা পর্ব মিটে গেলেই বুথে বুথে মিটিং মিছিলে জোর দেওয়া হয়। প্রার্থী যিনি হন, ঘাটালে দলীয় প্রার্থীকে জেতানোর লক্ষ্যে বৈঠক করে কর্মীদের মাঠে নামিয়ে দিল শাসক তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন