— প্রতীকী চিত্র।
কাঁসাই নদীতে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল তিন কিশোরের। সোমবার সকালে ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত এ্যানিকেত বাঁধে। মৃত তিন জনেরই বাড়ি খড়গপুর শহরের ২৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম নিখিল আচার্য, জেনিথ আচার্য, ক্যালেব ডি। তাদের বয়স ১৬-১৭ বছর। খবর পেয়ে এলাকায় পৌঁছোন মৃতদের এক আত্মীয়। মৃতের কাকা মনোজ বলেন, ‘‘সকালে বাড়ি থেকে বেরিয়েছিল ছয় বন্ধু। তারা যে কাঁসাই নদীর এ্যানিকেত বাঁধে যাবে, বুঝতে পারিনি। সেখানে তিন জন স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল। পরে তাদের উদ্ধার করেছেন স্থানীয়েরা।’’
ঘটনাস্থলে পৌঁছে তিন জনের দেহ উদ্ধার করে নিয়ে যায় খড়্গপুর টাউন থানার পুলিশ। বাকি তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, সূর্যোদয় দেখার জন্য ছয় বন্ধু গিয়েছিল নদীঘাটে। সেখানে গিয়ে এক বন্ধু নদীতে স্নান করতে নামে। দুই বন্ধু তাকে সঙ্গ দেয়। নদীর গভীরতা বুঝতে না পেরে তলিয়ে যায় তিন জন।