West Bengal Elections 2026

দিনভর তারকা প্রচারে ভরসা তৃণমূলের

পটাশপুরে দুপুরে তৃণমূল প্রার্থী পীযূষকান্তি পন্ডার সমর্থনে ব্রজলালপুর থেকে সিংদা বাসস্টপ পর্যন্ত অভিনেতা বনি সেনগুপ্তের উপস্থিতিতে রোড শো করা হয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৯:৪৩
Share:

মহিষাদলে তৃণমূল প্রার্থীর সমর্থনে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। নিজস্ব চিত্র ।

বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব জেলায় এসে শেষবেলায় প্রচার চালিয়েছেন সোমবার দিনভর। পিছিয়ে রইল না তৃণমূল। শীর্ষ স্থানীয় কোনও নেতা এ দিন পূর্ব মেদিনীপুরে সভা করতে না এলেও দলের প্রার্থীদের সমর্থনে রোড শোয়ে এলেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। আর অন্য এলাকায় প্রার্থীরা প্রচার সেরেছেন দলীয় নেতা-কর্মীদের নিয়েই।

পটাশপুরে দুপুরে তৃণমূল প্রার্থী পীযূষকান্তি পন্ডার সমর্থনে ব্রজলালপুর থেকে সিংদা বাসস্টপ পর্যন্ত অভিনেতা বনি সেনগুপ্তের উপস্থিতিতে রোড শো করা হয়। এই ব্রজলালপুর তৃণমূল প্রার্থীর নিজের গ্রাম পঞ্চায়েত এলাকা। শেষ লগ্নে নিজের এলাকায় ভোট ব্যাঙ্ক ধরে রাখতে তারকা প্রচার করে চমক দেওয়ার পথে হেঁটেছেন তিনি। তৃণমূলের জেলা (কাঁথি) সভাপতি তথা প্রার্থী পীযূষকান্তি বলেন, ‘‘জনতার দাবিকে মান্যতা দিতে তারকা দিয়ে প্রচার করানো হচ্ছে। শেষবেলার প্রচারে মানুষের ভাল উচ্ছ্বাস ধরা পড়ছে।’’

তারকা প্রচার ছিল মহিষাদলেও। সেখানের তৃণমূলের প্রার্থী তিলক চক্রবর্তীর সমর্থনে ছোলাবাড়ি থেকে মহিষাদল বাজার ঘুরে তেরাপেক্ষা মোড় পর্যন্ত রোড শো করেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। অভিনেত্রীকে দেখতে রাস্তার দু’পাশে ভিড় ছিল চোখে পড়ার মতো। আবার খেজুরিতে তৃণমূল প্রার্থী রবীনচন্দ্র মণ্ডলের সমর্থনে বারাতলা হাই স্কুল থেকে তিতুলতলা বাজার পর্যন্ত রোড শো করেন বাংলা ধারাবাহিকের অভিনেত্রী তানিয়া কর। রোড শোর আগে এলাকায় বাজারে ঘুরে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী।

যে সব প্রার্থীদের হয়ে কোনও তারকা প্রচার হয়নি, তাঁরাও এ দিন থেমে থাকেননি। যেমন, এগরা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তরুণ মাইতির হয়ে এ দিন তারকা-প্রচার ছিল না। তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দেশবন্ধু, মঞ্জুশ্রী ও আরবিসি অঞ্চল এলাকায় বুথে সভা করেন। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর ভেকুটিয়া বাজার ঘুরে ভোট প্রচার সারেন। রামনগর বাজারে পান ব্যবসায়ী থেকে দোকানদারের সঙ্গে আলাপ চারিতার মাধ্যমে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী অখিল গিরি।

আবার, হলদিয়া টাউনশিপ এলাকায় তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনের সভা করেন দলের স্থানীয় নেতা-কর্মীরা। আজ, মঙ্গলবার হলদিয়ায় আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সভার প্রস্তুতি হিসেবেই এ দিনের সভাটি হয়েছে বলে দলীয় নেতৃত্ব জানান। সভায় ছিলেন সুদীপ অগস্তি, দেবপ্রসাদ মণ্ডল, শিবনাথ সরকার অষ্টমী গিরি প্রমুখ। তাঁরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল তুলে ধরে হলদিয়ায় তাপসীকে জেতানোর আহ্বান জানান।

তৃণমূল সূত্রের খবর, আজ, মঙ্গলবারও এগরা এবং পটাশপুরে একাধিক অভিনেত্রীদের নিয়ে রোড-শোয়ের কর্মসূচি রয়েছে। প্রচারের এই শেষ দিনতে পটাশপুর ও এগরায় দু’টি মেগা রোড-শোয়ে উপস্থিত থাকবেন তৃণমূলের তারকা সাংসদ কোয়েল মল্লিক। পটাশপুরে মতিরামপুর পেট্রোলিয়াম থেকে হাসপাতাল মোড় পর্যন্ত তিনি রোড শো করবেন। পরে এগরার শহরে তৃণমূল প্রার্থী তরুণ মাইতির সমর্থনেও কোয়েল প্রচার সারবেন।

তৃণমূলের এই তারকা প্রচারে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপির জেলা (কাঁথি) সভাপতি সোমনাথ রায় বলেন, ‘‘রাজনীতি বোঝেন, এমন সব নেতা ও মন্ত্রীদের দিয়ে আমরা প্রচার করছি। চমকে বিশ্বাসী নন বাংলার সচেতন নাগরিকেরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন