কাচা জামা-প্যান্ট পরে ভাইফোঁটা নেওয়ার লাইনে বসেছিল কয়েকজন খুদে। দিদি-বোনেরা কপালে চন্দনের ফোঁটা, মাথায় ধান-দূর্বা ঠেকাতেই সকলের মুখে হাসি। ওই ভাইয়েরা সকলেই বস্তি এলাকার ছেলে। অনেকের বোন বা দিদি নেই। যাদের আছে তাদের আবার ভাইফোঁটার অনুষ্ঠান করার সামর্থ্য নেই। মেদিনীপুরের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন খানের উদ্যোগে শুক্রবার এই গণ-ভাইফোঁটা হয় পালবাড়িতে। সৌমেনবাবু বলেন, “একশোরও বেশি বাচ্চা এসেছিল। ওদের আনন্দই প্রাপ্তি।’’ একাধিক সংগঠন-সংস্থার উদ্যোগেও এ দিন শহরে গণ- ভাইফোঁটার আয়োজন ছিল।