ঠিকাকর্মীকে পুড়িয়ে মারার ঘটনায় ঠিকাদার শেখ আসরফ-সহ অভিযুক্ত কাউকেই শনিবার দুপুর পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। ঘটনায় নাম জড়িয়েছে পাঁশকুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আমজেদ আলির ছেলে সৈয়দ পিন্টুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসরফ পলাতক হলেও পিন্টু এলাকাতেই রয়েছে। তাহলে পিন্টুকে কেন ধরা হল না? এ বিষয়ে পাঁশকুড়া থানার পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি।
ধার নেওয়া টাকা ফেরত না দেওয়ায় শুক্রবার দুপুরে শেখ সেরাফত (২২) নামে এক ঠিকাকর্মীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল শেখ আসরফ নামে এক ঠিকাদারের বিরুদ্ধে। পরে নিহতের পরিবারের তরফে আসরফ-সহ পাঁচজনের নামে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছিল।