একশো দিনের প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্ত কাঁথির রাইপুর পশ্চিমবাড় পঞ্চায়েতের প্রধানকে অপসারিত করা হল। সোমবার কাঁথি ১-এর বিডিও বিক্রমজিৎ চট্টোপাধায় প্রধান মির্জা মিয়ারাজ বেগকে সরিয়ে পঞ্চায়েতের ভার উপপ্রধান বীণাপাণি মণ্ডলের হাতে তুলে দেন। কলকাতা হাইকোর্টে সামিউল আলি সাহার করা মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অভিযুক্ত প্রধান ও কর্মীরা যাতে পঞ্চায়েতের নথি নষ্ট করতে না পারে সে জন্য জেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করে। তার প্রেক্ষিতেই জেলাশাসক অন্তরা আচার্য কাঁথি-১ বিডিওকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে বিডিও প্রধানকে অপসারিত করে উপপ্রধানকে দায়িত্ব দেন।