উপনির্বাচনে এক বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পটাশপুর-১ ব্লকের অমর্ষী গ্রাম পঞ্চায়েতের পূর্ব অমর্ষী গ্রাম সংসদ আসনের বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বাগ ওরফে রাজু এ বিষয়ে বিডিও-র কাছে অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ ও স্থানীয় তৃণমূল নেতা পীযূষ পণ্ডা তাঁকে ও তাঁর জেঠাকে মারধর করেছেন। প্রসেনজিবাবু বলেন, ‘‘প্রার্থীর পরিচয় পত্র নিতে ব্লক প্রশাসনিক কার্যালয়ে গিয়েছিলাম। সেখানেই আমার জেঠা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক রবীন্দ্রনাথ বাগের আবেদনপত্রটি জমা দেওয়ার জন্য কৃষি কর্মাধ্যক্ষের ঘরে ঢুকেছিলাম। কিন্তু কর্মাধ্যক্ষ আমাদের মারধর করে তাড়িয়ে দেন।’’ পীযূষ পণ্ডা অবশ্য বলেন, ‘‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। দু’একজন ক্ষতিপূরণের ফর্ম নিয়ে আমার ঘরে এসেছিলেন। আমি তাঁদের নির্দিষ্ট জায়গায় জমা দিতে বলি। তা নিয়েই বচসা হয়। যদিও পরে তাঁরা চলে যান।’’ বিডিও রণজিৎ হালদার বলেন ‘‘বিজেপি প্রার্থীর অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’’