রাজ্যে নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে সরব হলেন বিজেপি’র রাজ্য নেতৃত্ব। বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুরে বিজেপি’র জেল ভরো কর্মসূচিতে যোগ দিতে এসে দলের রাজ্য সহ-সভানেত্রী দেবশ্রী চৌধুরী দলীয় সভায় বলেন, ‘‘আসন্ন ২০১৬ সালের বিধানসভা নির্বাচন স্বচ্ছ ভাবে করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আর বিধানসভা নির্বাচনে এ রাজ্যের মানুষ তৃণমূলের দুর্নীতি ও দলতন্ত্রের জবাব দেওয়ার তৈরি হয়েছে।’’
এ দিন জেল ভরো কর্মসূচিতে যোগ দিতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দু’হাজার বিজেপি কর্মী-সমর্থক তমলুক শহরের মানিকতলায় জমায়েত হয়। সেখান থেকে মিছিল করে বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক ধরে জেলাশাসকের অফিসের সামনে আসেন। বক্তব্য রাখেন দলের রাজ্য সহ-সভানেত্রী দেবশ্রী চৌধুরী, জেলায় দলের পর্যবেক্ষক সত্যব্রত দত্ত, প্রাক্তন ফুটবলার ষষ্ঠী দুলে, রাজ্য সহ-সভাপতি বাদশা আলম প্রমুখ। ছিলেন বিজেপির জেলা সভাপতি তপন কর, জেলা সাধারণ সম্পাদক সুকুমার দাস, জেলা যুব মোর্চা সভাপতি নীলাঞ্জন অধিকারী।