সবংয়ে ছাত্র খুনের ঘটনায় ধৃত টিএমসিপি কর্মী অসীম মাইতিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি ফের খারিজ হয়ে গেল। সোমবার মেদিনীপুরের সিজেএম মঞ্জুশ্রী মণ্ডলের এজলাসে ‘পুট-আপ পিটিশন’ দাখিল করে এই আর্জি জানান অভিযুক্তপক্ষের আইনজীবী মৃণাল চৌধুরী। তার বিরোধিতা করে মূল অভিযোগকারী সৌমেন গঙ্গোপাধ্যায়ের আইনজীবী হরিসাধন ভট্টাচার্য আদালতে দাবি করেন, এই আর্জি আইনবিরুদ্ধ। কারণ, হাইকোর্টে এই একই আর্জি বিচারাধীন রয়েছে। দু’পক্ষের বক্তব্য শুনে সিজেএম ধৃতকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি খারিজ করে দেন। ধৃত টিএমসিপি কর্মী অসীমের নাম অবশ্য পুলিশের দেওয়া চার্জশিটে নেই।