বেথুয়াডহরী অভয়ারণ্য। ছবি: সন্দীপ পাল।
পর্যটকদের জন্য আপাতত বন্ধই থাকছে জেলার অন্যতম আকর্ষণ বেথুয়াডহরি অভয়ারণ্য। বনদফতর সূত্রে জানা গিয়েছে, হরিণ স্থানান্তর প্রক্রিয়ার স্বার্থে ১৬ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দশ দিন অভয়ারণ্যে পর্যটকের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এর আগে ১৫ ফেব্রুয়ারি পর্যন্তও বন্ধ রাখাহয়েছিল অভয়ারণ্যটি।
বন দফতরের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে মোট ১৩টি হরিণকে বক্সা অভয়ারণ্যে স্থানান্তর করা হয়েছে। আগামী দশ দিনে আরও ১৭টি হরিণ পাঠানোর পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে, এই পর্যায়ে মোট ৩০টি হরিণ স্থানান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
এক বনকর্তা জানিয়েছেন, বক্সা অঞ্চলে ভবিষ্যৎ বাঘ সংরক্ষণ প্রকল্পের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। বাঘের প্রাকৃতিক খাদ্যচক্রকে মজবুত করতে তৃণভোজী প্রাণীর সংখ্যা বাড়ানো জরুরি। সেই কারণেই হরিণ স্থানান্তরের সিদ্ধান্ত। পাশাপাশি, বেথুয়াডহরিতে হরিণের ক্রমবর্ধমান সংখ্যার জেরে সম্ভাব্য খাদ্যসংকট এড়াতেও এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
বন দফতরের কর্তাদের আশ্বাস, হরিণের স্থানান্তর প্রক্রিয়া শেষ হলেই ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বেথুয়াডহরি অভয়ারণ্যের দরজা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে