Body Recovered

জলঙ্গিতে পরিত্যক্ত গাড়ি থেকে প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার! থানার অদূরে তিন বছর ধরে পড়ে রয়েছে বাহন

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, জলঙ্গি থানার অদূরে জোড়তলা এলাকায় রাজ্য সড়কের পাশে দীর্ঘ তিন বছর ধরে একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। শনিবার সকালে গাড়িটির ভিতর থেকে দুর্গন্ধ পান বলে জানান স্থানীয়েরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬
Share:

জলঙ্গিতে এই পরিত্যক্ত গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে দেহ। — নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকার জোড়তলা রাজ্য সড়কের ধারে একটি পরিত্যক্ত গাড়ি থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকাল ৯টা নাগাদ ওই দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃতের বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত নিহতের নাম, পরিচয় জানা যায়নি।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, জলঙ্গি থানার অদূরে জোড়তলা এলাকায় রাজ্য সড়কের পাশে দীর্ঘ তিন বছর ধরে একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। শনিবার সকালে গাড়িটির ভিতর থেকে দুর্গন্ধ পান বলে জানান স্থানীয়েরা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে গাড়ির ভিতর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, প্রায় ১০-১২ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যত্র খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি সেখানে রাখা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীদর একাংশ। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা নাজমুল হক বলেন, ‘‘তিন বছর ধরে গাড়িটি এখানে পড়ে রয়েছে। আজ দুর্গন্ধ ছড়ানোয় পুলিশে খবর দিই। ভিতর থেকে প্রায় কঙ্কালসার দেহ উদ্ধার হয়েছে। থানার এত কাছে এমন ঘটনা ঘটবে, তা ভাবা যায়নি।’’ ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement