Blast at Chapra

চাপড়ায় চায়ের দোকানে হঠাৎ চলল গুলি, বোমাবাজিরও অভিযোগ! গুরুতর জখম এক

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কী কারণে এমন হামলা, কেউ জানেন না। শামসুল সক্রিয় ভাবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এমন খবর তাঁদের কাছে নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৮:৫৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দুষ্কৃতী-তাণ্ডব নদিয়ার চাপড়ায়। গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন। আশঙ্কাজনক অবস্থায় শামসুল সেখ নামে ওই ব্যক্তিকে ভর্তি করানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। যদিও হামলার কারণ পরিষ্কার নয়। খোঁজখবর করছে পুলিশ।

Advertisement

গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগটি উঠেছে চাপড়া থানার বড় আন্দুলিয়া গ্রামে। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, সেখানে পেট্রল পাম্পের কাছে একটি চায়ের দোকানে বসেছিলেন শামসুল। তাঁর বাড়ি চাপড়া থানার বেতবেড়িয়া গ্রামে। বাইকে চেপে ওই চায়ের দোকানের সামনে হাজির হন চার জন। সকলের মাথায় হেলমেট ছিল। তাঁরা বিনা প্ররোচনায় এবং অতর্কিত ভাবে ওই দোকানের উপর বোমা ছোড়েন এবং গুলি চালান। তাতে গুরুতর জখম হন শামসুল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে চায়ের দোকানে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কী কারণে এমন হামলা, কেউ জানেন না। শামসুল সক্রিয় ভাবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এমন খবর তাঁদের কাছে নেই। ট্র্যাক্টর চালান তিনি। তাঁর সঙ্গে কারও কী শত্রুতা থাকতে পারে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এলাকার বাসিন্দাদের মধ্যে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সম্ভব জৈন জানান, ইতিমধ্যেই ওই এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাতে বেশ কিছু সূত্র পাওয়া গিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা। হামলাকারীদের ধরার চেষ্টা চলছে। শীঘ্রই তাঁরা ধরা পড়বেন বলে আশাবাদী সম্ভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement