TMC

১০০ দিনের কাজ নিয়ে গোলমালে মার, জখম

তৃণমূলের তরফে শান্তিপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২০ ০১:২৮
Share:

প্রতীকী চিত্র। 

১০০ দিনের কাজ নিয়ে ঝামেলার জেরে তিন তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির লোকজনের বিরুদ্ধে। তাদের কর্মীদেরও মারধর করা হয়েছে বলে পাল্টা অভিযোগ বিজেপির। তবে তারা থানায় কোনও অভিযোগ করেনি। তৃণমূলের তরফে শান্তিপুর থানায় অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

শুক্রবার রাতে শান্তিপুর থানার আরবান্দি ২ পঞ্চায়েতের পাঁচপোতা এলাকায় ঘটনাটি ঘটে। ওই এলাকায় ১০০ দিনের কাজ নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে চাপানউতোর চলছিলই। তৃণমূলের দাবি, সম্প্রতি শুরু হওয়া ১০০ দিনের প্রকল্পে জব কাজের কার্ড আছে যাঁদের, তাঁদের দিয়েই কাজ করানো হচ্ছে। যাঁরা কাজ করেননি তাঁদের নাম তালিকায় তোলার দাবি তুলে বিজেপি বাধা দিচ্ছিল। এর আগে দুই তরফে বচসাও হয়। শুক্রবার রাতে ঝামেলা বাধে।

বিজেপির অভিযোগ, প্রকল্পে বেছে বেছে তাদের কর্মীদের বাদ দেওয়া হচ্ছিল। এ নিয়ে আগেও প্রতিবাদ করা হয়েছে। শুক্রবার রাতে পাঁচপোতা এলাকায় তিন তৃণমূল কর্মী বাড়ি থেকে বেরিয়ে একটি ক্লাবের দিকে যাওয়ার পথে তাঁদের পাথর দিয়ে মারা হয় বলে অভিযোগ। তাঁরা হাতে, মাথায় চোট পান।

Advertisement

স্থানীয় তৃণমূল কর্মী সজীব দাস বলেন, " পঞ্চায়েত নিয়ম মেনে কাজ করলেও বিজেপির তরফে অনৈতিক দাবি তুলে আগে বাধা দেওয়া হয়েছিল। রাতে ওরা দলবল নিয়ে আমাদের তিন জনের ওপরে হামলা করে।"

অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, ১০০ দিনের কাজ নিয়ে অন্যায়ের প্রতিবাদ করাতেই তাদের কর্মীদের উপরে হামলা করা হয়েছে। দলের ৩০ নম্বর মণ্ডলের সভাপতি বিমল সরকার বলেন, "১০০ দিনের কাজ প্রকল্পে আমাদের কর্মীদের কাজ দেওয়া হচ্ছে আমরা আগে তা নিয়ে প্রতিবাদ করেছি। এ দিন তৃণমূলের লোকেরাই আমাদের কর্মীদের ওপরে হামলা করে।" শান্তিপুর ব্লক তৃণমূল সভাপতি তপন সরকার পাল্টা বলেন, " বিজেপিই ওখানে কাজে বাধা দিয়ে সমস্যা করছে। ওরাই আমাদের কর্মীদের মারধর করেছে।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement