কী ভাবে এক ঘণ্টায় ২৭৫টি বার্পি করেন তাপসী পন্নু? ছবি: সংগৃহীত।
বলিউড অভিনেত্রী তাপসী পন্নুর ফিটনেস নিয়ে আলোচনা হয়ই। তাঁর চেহারায় মেদের লেশমাত্র নেই। খেলোয়াড়দের মতোই শক্তপোক্ত পেশির গড়ন। তাপসী নানা সময়ে সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রায় সব ধরনের ব্যায়াম করতেই তিনি স্বচ্ছন্দ। কার্ডিয়ো বা স্ট্রেংথ ট্রেনিং যেমন তাঁর রুটিনে থাকে, তেমনই যোগব্যায়াম, বার্পি বা পিলাটেজ়ের মতো ব্যায়ামও করেন নিয়মিত। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করে তাপসী জানিয়েছেন, এক ঘণ্টার মধ্যে কম করেও ২৭৫টি বার্পি, ১৫০ খানা পুশ-আপ ও অন্তত ১৫০টি এয়ার স্কোয়াট করতে স্বচ্ছন্দ তিনি। এই ধরনের ব্যায়াম কতটা কার্যকর? সকলের জন্যই কি তা নিরাপদ?
তাপসী কেমন ব্যায়াম করেন?
বার্পি
ওজন কমতে শুরু করলেও ভুঁড়ি সহজে কমে না। তলপেটের মেদ বড়ই নাছোড়বান্দা। তা ছাড়া ওজন তুলে ব্যায়াম করার মতো ফিটনেস না থাকলে তা করাও উচিত নয়। সে ক্ষেত্রে সহজ পন্থা হতে পারে বার্পি। এমন এক ধরনের ব্যায়াম, যা বেশি পরিশ্রম ছাড়াই করা যায়। যন্ত্রপাতি নাড়াচাড়া করার প্রয়োজন হয় না। জিমে যাওয়ারও প্রয়োজন নেই। পুশ-আপ, স্কোয়াট এবং জাম্পের সংমিশ্রণ বার্পি। আরও নানা ধরনের ব্যায়াম ও স্ট্রেচিং রয়েছে এতে। বার্পিকে 'হাই ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং' বলা যায়। বার্পির নানা পদ্ধতি আছে। তবে তাপসীর মতো শুরুতেই ২৭৫টি বার্পি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। শুরুটা বেসিক বার্পি দিয়ে করাই ভাল।
প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে। এর পর স্কোয়াট ভঙ্গিতে, অর্থাৎ চেয়ারে অর্ধেকটা বসার মতো ভঙ্গি করতে হবে। তার পর দুই হাতের তালু মাটিতে রাখতে হবে। সেই ভঙ্গিতে থেকেই দুই পা মুড়ে প্লাঙ্কের মতো ভঙ্গি করুন। তার পর সেই অবস্থা থেকেই পা সামনে টেনে লাফিয়ে উঠে দাঁড়ান। ওয়াকিং বার্পিও করা যায়। পদ্ধতি বেসিক বার্পির মতোই। যাঁরা লাফাতে পারবেন না, তাঁরা প্লাঙ্কের ভঙ্গিতে যাওয়ার পরে আগে বাঁ পা সামনে আনবেন, ডান পা পিছনে থাকবে। তার পর ১০ সেকেন্ড থেকে ডান পা সামনে আনতে হবে। সেই সময়ে বাঁ পা পিছনে থাকবে। এই ভাবে ২০ বার করতে হবে।
পুশ-আপ
ক্যালোরি ঝরিয়ে ছিপছিপে চেহারা ধরে রাখতে ও পেশির জোর বৃদ্ধি করতে পুশ-আপের কোনও বিকল্প নেই। এরও নানা পদ্ধতি আছে, ওয়াল পুশ-আপ, ইনক্লাইন নি পুশ-আপ, স্ট্যান্ডার্ড পুশ-আপ ইত্যাদি। শুরুটা স্ট্যান্ডার্ড পুশ-আপ দিয়েই করতে পারেন। মেঝেতে প্ল্যাঙ্কের মতো ভঙ্গি করুন। মাথা, কাঁধ, কোমর ও পা এক সরলরেখায় থাকবে। শ্বাস নিতে নিতে কনুই ভাঁজ করে শরীরকে নীচের দিকে নামান যত ক্ষণ না বুক প্রায় মেঝে স্পর্শ করে। শ্বাস ছাড়তে ছাড়তে হাতের সাহায্যে নিজেকে আবার উপরে ঠেলে তুলুন, অর্থাৎ, শুরুর অবস্থানে ফিরে যান।
নানা ধরনের ব্যায়াম করেন তাপসী, মেনে চলেন শারীরচর্চার কড়া রুটিন।
স্কোয়াট
সুঠাম ও নির্মেদ চেহারা পেতে স্কোয়াট করার পরামর্শ দেন অনেক ফিটনেস প্রশিক্ষকই। বিশেষ করে যাঁদের ঊরু, তলপেট ও নিতম্বে বেশি মেদ জমে যায়, তাঁদের জন্য স্কোয়াট খুবই কার্যকর ব্যায়াম। শুরুটা বেসিক স্কোয়াট দিয়েই করতে হবে। অর্ধেকটা চেয়ারে বসার মতো ভঙ্গি করতে হবে। চেয়ারে বসার মতো করে হাঁটু ভাঁজ করে কোমর ও পিঠ সোজা রেখে দাঁড়ানোকেই স্কোয়াট বলে। এই সময়ে হাত দু’টো সামনের দিকে টানটান করে ছড়িয়ে দিতে হয়। তবে স্কোয়াটের অনেক ধরন আছে। সহজ যে পদ্ধতিটি, সেটি দিনে ৩ সেট করে ১২-১৫ বার করলেই ভাল।