দলেরই প্রধানের বিরুদ্ধে একশো দিন কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যেরা। এ নিয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। ডোমকলের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আরফাতন বিবি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ পেয়ে ডোমকলের বিডিও তদন্ত করছেন। যদিও তিনি কিছু বলতে রাজি হননি।
বক্সিপুর গ্রাম সংসদের সদস্যা মাফুজা বিবির অভিযোগ, অন্তত তিন জায়গায় একশো দিনের প্রকল্পে কোনও কাজ না করেই টাকা তুলে নেওয়া হয়েছে। এ ছাড়াও বেশ কিছু এলাকায় কয়েক ঝুড়ি মাটি ফেলে লাখ-লাখ টাকা নয়-ছয় করেছেন প্রধান। তিনি বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে নানা অভিযোগও করেন। তাতে কাজ না হওয়ায় আদালতের দারস্থ হন। আদালতের নির্দেশ পেয়ে ঘটনার তদন্ত নামেন ডোমকলের বিডিও সোয়াং গ্যাটসো ভুটিয়া। তাঁর কথায়, ‘‘বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। ফলে এই নিয়ে কোনও মন্তব্য করব না।’’
অন্য দিকে, বিডিও-র তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মাফুজা বিবি। তাঁর কথায়, ‘‘আমার সংসদ এলাকার ঘটনা হলেও আমাকে অন্ধকারে রেখে যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই প্রধানের স্বামীকে নিয়েই কেবল যেখানে কাজ হয়েছে সেখানে ঘুরেই চলে গিয়েছেন বিডিও। আমি প্রতিবাদ করার পরেও কোনও উত্তর মেলেনি।’’ এলাকার আর এক তৃণমূল সদস্যা মাসোয়ারা বিবি বলেন, ‘‘সরকারি টাকা এ ভাবে নয়ছয় হতে পারে না। আমিও বিষয়টি নিয়ে ডোমকলের বিডিও এবং এসডিওর কাছে তদন্তের জন্য আবেদন করেছি।’’