Accident in Nadia

ধুবুলিয়ায় জাতীয় সড়কে লরির ধাক্কা চুরমার মিনি ট্রাক! পথেই প্রাণ হারালেন এক জন, আহত তিন

একটি ‘৪০৭’ মিনি ট্রাক ব্যান্ডেলের উদ্দেশে যাচ্ছিল। বাহাদুরপুর এলাকায় একটি ১৬ চাকার লরি অত্যন্ত দ্রুত গতিতে এসে ওই মিনি ট্রাকটিতে ধাক্কা মারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৭
Share:

— প্রতীকী চিত্র।

সাতসকালে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবোঝাই মিনি ট্রাকের পিছনে ধাক্কা দিল লরি। তাতে মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন জন। শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার বাহাদুরপুর এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রতন মণ্ডল। তাঁর বয়স ৪৫ বছর। আহতেরা হলেন বাবন মণ্ডল, বিধান মণ্ডল এবং মানিক মণ্ডল। তাঁদের সকলের বাড়ি পলাশিপাড়া থানার ঈশ্বরচন্দ্রপুর এবং বিজয়নগর এলাকায়।

শনিবার ভোরে কলা বোঝাই একটি ‘৪০৭’ মিনি ট্রাক ব্যান্ডেলের উদ্দেশে যাচ্ছিল। বাহাদুরপুর এলাকায় একটি ১৬ চাকার লরি অত্যন্ত দ্রুত গতিতে এসে ওই মিনি ট্রাকটিতে ধাক্কা মারে। লরির ধাক্কায় ছোট গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় থানায়। আহত চার জনকে উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রতনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

দুর্ঘটনার জেরে শনিবার ভোরে জাতীয় সড়কে কিছু ক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঘাতক লরিটির এখনও নাগাল পায়নি পুলিশ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় না কি লরির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাস্তার মোড়ে সিভিক ভলান্টিয়ার এবং পুলিশি টহলদারির অভাব নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement