Sabyasachi Dutta TMC

সব্যসাচীর বান্ধবী তকমায় ক্ষুব্ধ নদিয়ার সেই টিনা! বাড়ি থেকে তিন কেজি সোনা উদ্ধার নিয়েও মুখ খুললেন তৃণমূল নেত্রী

রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচীকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গত সপ্তাহে তাঁকে সঙ্গে নিয়ে নদিয়ার করিমপুরে টিনার পৈতৃক বাড়িতে যান তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১২:৫৩
Share:

সব্যসাচী দত্তের সঙ্গে টিনা ভৌমিক সাহা। —ফাইল চিত্র।

নদিয়া তৃণমূলের নেত্রী তথা দলের জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা অবশেষে মুখ খুললেন। তোলাবাজির অভিযোগে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক ‘সব্যসাচী দত্তের বান্ধবী’ তকমায় তিনি ক্ষুব্ধ। বৃহস্পতিবার ক্ষোভ উগরে দিয়েছেন সংবাদমাধ্যমের সামনে। জানিয়েছেন, তিনি কারও বান্ধবী নন। রাজনীতিতে কোনও মহিলা নির্দিষ্ট কোনও মতাদর্শ অনুসরণ করলে তাঁকে সংশ্লিষ্ট নেতার বান্ধবী বলে দেগে দেওয়া যায় না।

Advertisement

রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচীকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গত সপ্তাহে তাঁকে সঙ্গে নিয়ে নদিয়ার করিমপুরে টিনার পৈতৃক বাড়িতে যান তদন্তকারীরা। বিধাননগর থানা এবং করিমপুর থানার যৌথ অভিযানে বাড়িতে তল্লাশি চালিয়ে তিন কেজি সোনার গয়না উদ্ধার করা হয়। বর্তমানে তার বাজারমূল্য সাড়ে চার কোটি টাকার কাছাকাছি। স্থানীয় সূত্রে দাবি, টিনা সব্যসাচীর ঘনিষ্ঠ ছিলেন। তবে পুলিশের তল্লাশি অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না। এ প্রসঙ্গে এর আগে টিনার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

টিনা বলেন, ‘‘সংবাদমাধ্যম তো সূত্র মারফত আমাকে বান্ধবীও দেখাচ্ছে! আমি কার বান্ধবী? রাজনীতিতে সকলেরই কোনও না কোনও মতাদর্শ থাকে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করতাম। দলের নেতারা যদি দুর্নীতিতে যুক্ত হয়ে পড়েন আর নীচের কর্মীরা যদি তাঁদের বান্ধবী হয়ে যান, সেটা ভুল। আসলে সম্পর্কটা কী, সেটা দেখা দরকার।’’ বাড়ি থেকে কেজি কেজি সোনা উদ্ধারের প্রসঙ্গে টিনার বক্তব্য, ‘‘আমি বাড়িতে ছিলাম না। সেই সময় পুলিশ কাকে নিয়ে এসে কী তল্লাশি চালিয়েছে, সেটা আইনের ব্যাপার। এটা নিয়ে আমি কথা বলতে চাই না। তবে আমাকে এ ভাবে বান্ধবী বলে আখ্যায়িত করে দেওয়ার তীব্র নিন্দা করছি। আমি একজন মহিলা, শিক্ষিকা। সমাজে মাথা উঁচু করে চলি। তাই এগুলো বন্ধ হওয়া দরকার।’’

Advertisement

সব্যসাচীর ফ্ল্যাট এবং ব্যাঙ্কের লকার থেকেও অনেক সোনা উদ্ধার করেছেন তদন্তকারীরা। অভিযোগ, তোলাবাজির টাকায় তিনি সোনা কিনে রাখতেন। তাঁর এবং তাঁর স্ত্রী ইন্দ্রাণী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ় করেছে পুলিশ। তাতে ৩ কোটি ৭০ লক্ষ টাকা ছিল। বিপুল এই টাকার উৎস কী, খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্রেই টিনার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement