Abhishek Banerjee Sebaashray

অভিষেকের সেবাশ্রয়ে অনুমতি ছাড়াই চিকিৎসা! বেআইনি ভাবে যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগ, নতুন মামলা ডায়মন্ড হারবারে

সাংসদ অভিষেক এবং অন্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে প্রতারণা, জালিয়াতির মতো মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, সেবাশ্রয়ে অনুমোদন ছাড়াই চিকিৎসাকেন্দ্র চলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১১:৫৯
Share:

সেবাশ্রয় নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন মামলা দায়ের হল ডায়মন্ড হারবারে। এ বার কাঠগড়ায় তাঁর সেবাশ্রয় শিবির। অভিযোগ, ওই সমস্ত শিবিরে অনুমোদন ছাড়াই চিকিৎসাকেন্দ্র পরিচালনা করা হয়েছে। বেআইনি ভাবে চিকিৎসার সরঞ্জাম, ওষুধ এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এমনকি, তেজস্ক্রিয় পদার্থও অবৈধ ভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে অভিষেকের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবিরগুলিতে। রায়নগরের বাসিন্দা জনৈক সুকদেব দাসের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

Advertisement

সাংসদ অভিষেক-সহ অন্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে প্রতারণা, জালিয়াতির মতো মামলা রুজু করেছে পুলিশ। এ ছাড়া, ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন, জাতীয় মেডিক্যাল কমিশন আইন, পিসিপিএনডিটি আইন এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনেও মামলা হয়েছে। অভিযোগকারীর বক্তব্য, অভিষেক ও অন্যরা অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অননুমোদিত চিকিৎসাকেন্দ্র পরিচালনা করেছেন। সেখানে প্রতারণা, জালিয়াতি, অবৈধ ভাবে পরিষেবা প্রদান, বেআইনি ভাবে ওষুধ ও রোগনির্ণয়ের যন্ত্রপাতি ব্যবহার হয়েছে। এর ফলে জনস্বাস্থ্য এবং নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল।

অপরাধমূলক ষড়যন্ত্র, জনগণের নিরাপত্তায় ব্যাঘাত-সহ বিভিন্ন ধারায় অভিষেকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ডায়মন্ড হারবারের এসডিপিও তদন্তভার গ্রহণ করেছেন। অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

Advertisement

উল্লেখ্য, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে সেবাশ্রয় শিবির চালু করেছিলেন অভিষেক। দূরদূরান্ত থেকে সেখানে বিনামূল্যে চিকিৎসার জন্য আসতেন মানুষ। এমনকি, ভিন্‌রাজ্য থেকেও কেউ কেউ সেবাশ্রয়ে পরিষেবার জন্য এসেছিলেন। অভিষেকের এই প্রকল্প জনপ্রিয়তা লাভ করেছিল। আগামী দিনে রাজ্যের অন্যত্রও এই ধরনের শিবির চালু করা হবে বলে দাবি করেছিলেন সাংসদ। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকে নানা মামলায় তদন্তের সম্মুখীন হতে হচ্ছে অভিষেককে। ভোটের প্রচারপর্বে তিনি যে ‘ডিজে’ বাজানোর কথা বলেছিলেন, তার ভিত্তিতে উস্কানিমূলক মন্তব্যের মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া, বিধানসভার সই জাল কাণ্ডে সিআইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁর আপ্তসহায়কের খোঁজে কিছু দিন আগে গভীর রাতে শালবনি থানার পুলিশ কালীঘাটে অভিষেকের বাড়িতে হানা দিয়েছিল। তালা ভেঙে বাড়িতে ঢুকেছিলেন তদন্তকারীরা। এ ছাড়া, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বৃহস্পতিবার রাতেই অভিষেক সমাজমাধ্যমে দাবি করেছেন, তাঁর এবং তাঁর দফতরের সঙ্গে যুক্ত অন্তত ২৫ জনকে গত দু’সপ্তাহে নানা ভাবে হেনস্থা করেছে পুলিশ। কাউকে তলব করা হয়েছে, কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অভিষেকের বিরুদ্ধে বয়ান রেকর্ডের জন্য তাঁদের চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। তার মধ্যেই এ বার সেবাশ্রয়ে অবৈধ কার্যকলাপের অভিযোগে সাংসদের বিরুদ্ধে নতুন মামলা হল ডায়মন্ড হারবারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement