টুকরো খবর

ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল দুই বন্ধু। বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনার পর থেকে সারা রাত জলে তল্লাশি চালিয়ে তাদের সন্ধান মেলেনি। শুক্রবার দুপুরে অবশেষে দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। মৃতদের নাম প্রদীপ প্রামাণিক ওরফে খোকন (২১) ও কাজল শেখ (২০)। বাড়ি বহরমপুর থানার নগড়াজল পাঁচপিরতলায়।

Advertisement
শেষ আপডেট: ২১ জুন ২০১৪ ০০:২৫
Share:

ডুবে মৃত দুই বন্ধু

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বহরমপুর

ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল দুই বন্ধু। বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনার পর থেকে সারা রাত জলে তল্লাশি চালিয়ে তাদের সন্ধান মেলেনি। শুক্রবার দুপুরে অবশেষে দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। মৃতদের নাম প্রদীপ প্রামাণিক ওরফে খোকন (২১) ও কাজল শেখ (২০)। বাড়ি বহরমপুর থানার নগড়াজল পাঁচপিরতলায়। পুলিশ জানায়, দুটো মোটরবাইকে ছ’জন বন্ধু মুর্শিদাবাদ থানার নতুনগ্রামের কাছে ভাগীরথীতে স্নানে নেমেছিল। সেই সময়েই দুজন তলিয়ে যায়। স্থানীয় ডুবুরি ও স্পিডবোটে সাহায্যে ভাগীরথীতে তল্লাশি চালিয়েও ওই রাতে ওই দুজনের খোঁজ মেলেনি। এ দিন ঘটনাস্থলের কাছেই প্রদীপকে এবং রাধারঘাট এলাকা থেকে কাজল শেখের মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পরে দুটি মৃতদেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহিল শেখ, গুলাম মুস্তাফা, মিল্টন শেখ, লোটাস শেখ, প্রদীপ প্রামাণিক ও কাজল শেখওই ছয় বন্ধু দুটো মোটরবাইকে চড়ে চুনাখালি নিমতলা হয়ে মুর্শিদাবাদের নতুনগ্রাম এলাকায় যায়। পেশায় কাঠমিস্ত্রী সাহিল শেখ বলেন, “প্রদীপের বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। তাঁর সুস্থ প্রদীপ কামনায় মানত করেছিল। পরে ওর বাবা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন। তখন নতুনগ্রামের কাছে যে পিরের মাজার রয়েছে, সেখানে ধূপ জ্বালানোর কথা বলে প্রদীপ। তার সঙ্গে আমাদের যাওয়ার জন্য অনুরোধ করে। সেই মতো দুটো মোটরবাইকে যাই।”

Advertisement

Advertisement

বিজেপির স্মারকলিপি

তৃণমূূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি’র পক্ষ থেকে শুক্রবার মুর্শিদাবাদ জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিজেপি’র মুর্শিদাবাদের সাধারণ সম্পাদক সুভাষ মণ্ডল বলেন, “মুর্শিদাবাদের শক্তিপুর, কাঁঠালিয়া, রানিনগর, জলঙ্গি, হরিহরপাড়া ও নওদা এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের উপরে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। কোথাও তারা সরাসরি সন্ত্রাস করছে, কোথাও পুলিশের মতদতে সন্ত্রাস সংঘটিত করছে। গোটা বিষয়টি জানিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি জামা দেওয়া হয়েছে। অবিলম্বে ওই সন্ত্রাস বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে জেলাশাসকের কাছে অনুরোধ করেছি।” তৃণমূলের ওই সন্ত্রাস বন্ধ না হলে আগামী ৬ জুলাই থেকে বিজেপি জেলা জুড়ে আন্দোলন করবে বলেও সুভাষবাবু জানান। তিনি বলেন, “রানিনগরে পুলিশের মদতে তৃণমূলের নেতা-কর্মীরা সন্ত্রাস করছে। বেআইনি অস্ত্র রাখার মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে আমাদের সাধারণ কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ। একই ভাবে কাঁঠালিয়ায় জমি-সংক্রান্ত বিবাদ বা পারিবারিক বিবাদের ঘটনাতেও আমাদের কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে।” ওই স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্তের প্রায় প্রায় দু’হাজার বিজেপি’র কর্মী-সমর্থক অংশ নেন। জেলাশাসক ওয়াই রত্নাকর রাও বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

ভয় দেখানোর অভিযোগ

চাকদহ কলেজে পরীক্ষা দিতে গিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুললেন কৃষ্ণনগর সরকারি কলেজের ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই নানাভাবে ভয় দেখাতে থাকেন চাকদহ কলেজ কর্তৃপক্ষ। তাতেই প্রভাবিত হয়ে কয়েকজন পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ের আগেই খাতা জমা দিয়ে বেরিয়ে যেতে বাধ্য হন। শুক্রবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বি.এ (সাধারণ) দ্বিতীয় বর্ষের সংস্কৃত পরীক্ষা ছিল। যদিও অভিযোগ অস্বীকার করে চাকদহ কলেজের অধ্যক্ষ অজয় পাল বলেন, “কোনও রকম ভয় দেখানোর প্রশ্নই নেই। কয়েকজন ছাত্র টোকাটুকি করতে চেয়েছিল। আমরা তা করতে দিইনি।” কৃষ্ণনগর সরকারি কলেজের অধ্যক্ষা জয়শ্রী রায়চৌধুরী বলেন, “আমাদের কয়েকজন ছাত্র শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারেনি। গোটা বিষয়টি কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি।” কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক বিমলেন্দু বিশ্বাস বলেন, “এ বিষয়ে চাকদহ কলেজের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।”

বোমা উদ্ধার

জঙ্গিপুর শহরে উদ্ধার হল তাজা বোমা। জঙ্গিপুরের ১২ নম্বর ওয়ার্ড থেকে ২০০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার সকালে ভাগীরথী নদীর ধারে একটি ফুল বাগানে মাটির নীচে দু’টি প্লাস্টিকের কনটেনারে রাখা ছিল বোমাগুলি। গত দু’দিনের বৃষ্টিতে বাগানের মাটি আলগা হয়ে যায়। তখন কুকুরে মাটি খুঁড়তেই কনটেনারগুলি বেরিয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সমাবর্তন

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ কলকাতার দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান হয়ে গেল হরিণঘাটায়। শুক্রবার হরিণঘাটার মোহনপুরে বিশিষ্ট পদার্থ বিঙ্গানী অশোক সেনকে সান্মানিক ডি এস সি ডিগ্রি দেওয়া হয়। এদিন বিভিন্ন বিভাগের ১০৫ জন পড়ুয়াকে মানপত্র দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement