চতুর্দশ বছরে পা দিল ঋত্বিকের ‘দেশবিদেশের নাট্যমেলা’। কলকাতা থেকে প্রায় দু’শো কিলোমিটার দূরে বহরমপুরের মত মফস্সলে নাট্যচর্চা আন্দোলনের দলিল হিসেবে বহরমপুর রবীন্দ্রসদনে আগামী ৯-২০ ডিসেম্বর ১২ দিনে মঞ্চস্থ হবে মোট ১৩টি নাটক। নাট্যমেলায় কলকাতার সাতটি নামী নাট্যদলের নাটক ছাড়াও বাংলাদেশের দু’টি দলের নাটক রয়েছে। সেই সঙ্গে নাট্যমেলায় ঠাঁই পেয়েছে ওড়িশা ও ইন্দো-ইতালি যৌথ প্রযোজনার নাটক। ঋত্বিকের সম্পাদক মোহিতবন্ধু অধিকারীর কথায়, “বিশ্বায়নের যুগে বহির্বিশ্বের খবর আমরা না রাখি, তাহলে আমরা পিছিয়ে পড়ব। এই ভাবনা থেকেই বহির্বিশ্বে ও প্রদেশে যে নাট্যচর্চা হচ্ছে, তা জানতেই এই দেশ বিদেশের নাট্যমেলা।”
তবে সেই অর্থে এ বছর বিদেশের নাটক নেই বললেই চলে। ওই নাটকের দল সূত্রে জানা গিয়েছে, জাপান ও নরওয়ের নাটকের দলের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছিল। কিন্তু রবীন্দ্রসদন সংস্কারের কাজ শেষ হওয়া নিয়ে আশঙ্কা ছিল। বিদেশের কোনও নাটক দল নিয়ে আসার ক্ষেত্রে প্রায় ছয় মাস আগে থেকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। ফলে ওই দু’টি নাটক দলকে বহরমপুরে নিয়ে আসা সম্ভব হয়নি।
নাট্যমেলাকে ঘিরে নতুন সাজে সেজে উঠছে ‘নব্য’ রবীন্দ্রসদন। নাটকের পাশাপাশি প্রদর্শনী, সেমিনারের মধ্য দিয়ে মুখর থাকবে রবীন্দ্রসদন প্রাঙ্গণ। দু-হাজার সালে দেশ বিদেশের নাট্যমেলার সূচনা যা সাত দিনে সীমাবদ্ধ ছিল, এ বার ১২ দিনের গণ্ডি ছুঁয়েছে।
এ বারের নাট্যমেলায় বাংলাদেশ থেকে দু’টি নাট্যদল আসছেশূন্যন্-এর নাটক ‘লাল জমিন’ এবং ঢাকার প্রাঙ্গণে মোর নাট্যদলের নাটক ‘ঈর্ষা’। ইন্দো-ইতালির যৌথ প্রযোজনায় মঞ্চস্থ হবে ‘ইফিগেনিয়া মিটস্ ইলেকট্রা’। ওডিশার নাট্যচেতনা’র নাটক ‘ধোঁয়া’, কলকাতার কৌশিক সেনের নাটকের দল স্বপ্নসন্ধানীর ‘কর্কটক্রান্তির দেশ’, সুমন মুখোপাধ্যায়ের নাটকের দল তৃতীয় সূত্রের ‘যারা আগুন লাগায়’, নান্দীকারের ‘বিপন্নতা’, শূদ্রকের ‘পর্যবর্ত’, স্পন্দনের ‘বন্দিশালার ডাক’, অনীকের ‘চিকিস্সা’, দুর্গাদাস স্মৃতি সঙ্ঘের নাটক ‘অপরাজিতা’ ছাড়াও আয়োজক সংস্থা ঋত্বিকের নতুন প্রযোজনা আদিরাজা এবং কঙ্কাল মঞ্চস্থ হবে নাট্যমেলায়। উদ্বোধক হিসেবে থাকছেন নাট্য সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়। এই বছর গৌতম রায়চৌধুরী স্মৃতি সম্মাননার জন্য বেছে নেওয়া হয়েছে নট ও নাট্যকার মনোজ মিত্র ও কমল সাহা এবং কোচবিহারের ‘কম্পাস’ নাটকের দলকে। নাট্য ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের নাট্য পরিচালক ও অভিনেতা মামনুর রশিদ। নাট্যমেলা চলাকালীন প্রতি দিন সন্ধ্যায় দর্শকের জন্য রয়েছে চার পাতার ‘বুলেটিন’।
এই বছর ঋত্বিক নাট্যগোষ্ঠীর ৩৫ বছরে পড়ল। ওই উপলক্ষে নাট্যমেলায় থাকছে ঋত্বিকের ৩৫ বছরের কাজের সম্মিলিত চিত্রনাট্য ‘ঋত্বিক ৩৫-শে’র প্রদর্শনী। ঋত্বিকের কর্ণধার প্রয়াত গৌতম রায়চৌধুরীর রবীন্দ্র উপন্যাসের নাট্যরূপের সংকলন ও ঋত্বিকের ৩৫ বছরের যাবতীয় কর্মকাণ্ড নিয়ে তথ্য সমৃদ্ধ পুস্তক প্রকাশিত হবে।